Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরের রাস্তায় নিভে যাওয়া আলো জ্বালাতে উদ্যোগী পুরসভা

খড়্গপুরের রাস্তায় নিভে যাওয়া আলো জ্বালাতে উদ্যোগী পুরসভা
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: শহরের রাস্তায় আলো জ্বলছে না, এই অভিযোগ সামনে আসতেই তৎপর হল খড়্গপুর পুরসভা। সমস্যা মেটাতে বুধবার পথবাতির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির সঙ্গে জরুরি বৈঠক করে পুর কর্তৃপক্ষ। জানা গিয়েছে শহরে বিভিন্ন ওয়ার্ডে পুরসভার প্রায় ২৩ হাজার বিদ্যুতের খুঁটি আছে। সেই সব খুঁটিতে পুরসভা ও একটি বেসরকারি সংস্থা পথবাতি লাগায়। এবার সেই বিদ্যুৎ খুঁটিগুলি চিহ্নিতকরণের কাজ শুরু করল পুরসভা। চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, সার্ভে করে দেখা গিয়েছে ন’হাজার খুঁটিতে পুরসভার পক্ষ থেকে আলো লাগানো হয়। বাকি ১৪ হাজার খুঁটিতে আলো লাগানোর দায়িত্বে আছে ওই কোম্পানি।  রাজ্য থেকে ঠিক করে দেওয়া তিনটি সংস্থার মাধ্যমে এই আলো লাগানো হয়। তিনি বলেন, ওই কোম্পানির সঙ্গে পুরসভার সাত বছরের চুক্তি আছে। তারাই রক্ষণাবেক্ষণ করবে। পুরসভার চেয়ারপার্সন বলেন, দেখা যাচ্ছে অনেক রাস্তায় আলো জ্বলছে না বলে অভিযোগ আসছে। খারাপ হলে তা সময়মতো পাল্টানো হচ্ছে না। পুজোর সময় পুরসভাকেই অনেক খুঁটিতে আলো লাগাতে হয়। এখনও অনেক এলাকা থেকে আলো না জ্বলার অভিযোগ আসছে। তিনি বলেন, খুঁটিগুলি চিহ্নিত না করায় কোথায় আলো জ্বলছে না তা নির্দিষ্ট করা যাচ্ছে না। তাই বুধবার ওই কোম্পানির সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। সেই মতো খুঁটিগুলি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। যেগুলি ওই কোম্পানি রক্ষণাবেক্ষণ করবে সেই খুঁটিগুলিতে স্টিকার লাগানো হচ্ছে। বাকিগুলি পুরসভা রক্ষণাবেক্ষণ করবে। বাসিন্দাদের অভিযোগ, অনেক গলির রাস্তায় আলো জ্বলছে না। দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও পুরসভা কোনও উদ্যোগই নিচ্ছে না। অন্ধকারেই রাস্তায় যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। বাসিন্দা শ্যামল সেন বলেন, একেই ভাঙাচোরা, খানাখন্দে ভরা রাস্তা। তার উপর আলো না থাকায় দুর্ভোগ বাড়ছে। চেয়ারপার্সন বলেন, যেসব জায়গায় ওই কোম্পানির জন্য চিহ্নিত করা খুঁটিগুলিতে আলো লাগানোর জন্য তাদের বলা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ