সংবাদদাতা, মেদিনীপুর: শুক্রবার রাতে খড়্গপুর শহরের গোলবাজার এলাকায় চারটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। বিজেপির পতাকা লাগানো একটি ছোট ঘরও পুড়ে গিয়েছে। বিজেপির পার্টি অফিস পুড়ে গিয়েছে বলে রটে যায়। বিজেপি অবশ্য জানিয়েছে, ওটা তাদের পার্টি অফিস নয়। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছিল, তা পরিষ্কার নয়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, শটসার্কিট থেকেই আগুন লাগতে পারে। এলাকার বাসিন্দারা জানান, বরযাত্রীর শোভাযাত্রায় ফাটানো পটকার আগুন ছিটকেও অগ্নিকাণ্ড ঘটতে পারে। রাতে সেখানে যান পুরসভার কাউন্সিলার প্রদীপ সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে একটি ফোটো বাঁধাই ও পলিথিন সিট সহ চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রথমে একটি দোকান থেকে আগুন বেরতে দেখা যায়। দাহ্য পদার্থ থাকায় দ্রুত পাশাপাশি দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে খড়্গপুর টাউন থানার পুলিস আসে। দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Advertisement
বিজেপির মণ্ডল সভাপতি শ্রী রাও বলেন, ওখানে আমাদের কোনও পার্টি অফিস ছিল না। আমাদের এক কর্মীর দোকানের পাশে একটা ছোট ঘরে বিজেপির লোকজন মাঝেমাঝে বসত। সেজন্য দলের পতাকা বাঁধা ছিল। অনেকে বলছেন, রাতে ওই রাস্তা দিয়ে একাধিক বরযাত্রীর শোভাযাত্রা গিয়েছে। তারা পটকা ফাটাচ্ছিল। তা থেকে আগুন ছিটকেও এই ঘটনা ঘটতে পারে।



