নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বহুজাতিক সংস্থা থেকে ওয়াশিং মেশিন কিনে বেকায়দায় পড়েন এক স্কুল শিক্ষক। সময় মতো ইনস্টল করা হয়নি। ওই শিক্ষকের করা ক্ষতিপূরণ মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল ক্রেতা সুরক্ষা দপ্তর। বহুজাতিক সংস্থাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে, খড়্গপুরের গোকুলপুরে বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক সুমনকল্যাণ ধাড়া ২০১৯ সালে বহুজাতিক সংস্থা থেকে ওয়াশিং মেশিন কেনেন। অভিযোগ, সেটি বাড়িতে পৌঁছলেও প্রতিশ্রুতি মতো ২৪ ঘণ্টার মধ্যে সেটা ইনস্টল করা হয়নি। এনিয়ে সুমনবাবু ওই সংস্থায় অভিযোগ জানান। সংস্থার তরফে ইনস্টলের আশ্বাস দেওয়া হয়। কিন্তু, তা করা হয়নি। তিনি সেই সংস্থায় ফোন করলেও দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। অগত্যা ওই বহুজাতিক সংস্থার মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন। ওই বহুজাতিক সংস্থা দাবি করে, ক্রেতার বাসস্থান গ্রামাঞ্চলে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা খারাপ। এই সুবিধা কেবলমাত্র শহরাঞ্চলের জন্য। যা একেবারেই ধোপে টেকেনি। কারণ ওই ওয়াশিং মেশিনটি সংস্থার তরফে পৌঁছে দেওয়া হয় ক্রেতার বাড়িতে।



