Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুর শিল্পতালুকে জমিদাতাদের বিক্ষোভ

খড়্গপুর শিল্পতালুকে জমিদাতাদের বিক্ষোভ
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর গ্রামীণ এলাকায় বিদ্যাসাগর শিল্পতালুকে জমিদাতাদের চাকরি দিতে হবে। এই দাবিতে সোমবার জমিদাতারা বিক্ষোভ দেখায়। দু’টি কারখানা কর্তৃপক্ষকে ডেপুটেশনও দেওয়া হয়। এই আন্দোলনের ডাক দিয়েছিল বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক জমিদাতা সংগ্রাম কমিটি। আন্দোলনে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা যোগ দেন। কমিটির পক্ষে বিপ্লব ভট্ট বলেন, কথা ছিল যাঁদের জমিতে কারখানা গড়ে উঠবে তাঁদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। কিন্তু প্রায় ১৭০০ পরিবার এখনও চাকরি থেকে বঞ্চিত। তাঁদের চাকরি ছাড়াও স্থানীয়দের কাজে নিয়োগ ও যাঁদের জমিতে এখনও কারখানা গড়ে ওঠেনি তাঁদের পরিবারের সদস্যকে মাসিক ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে। 
Advertisement
প্রসঙ্গত বাম আমলে রুপনারায়ণপুর এলাকায় এই শিল্পতালুক গড়ে ওঠে। সেই সময় বড়াডিহা, চকগণেশ, জফলা, জফলি, গিজারপুর, রুইসন্ডা, ঘোলাগেড়িয়া, জামবাদী, কাজিচক, রুপনারায়ণপুর সহ পাশাপাশি গ্রাম গুলি থেকে প্রায় ১২৪৯ একর জমি সরকার অধিগ্রহণ করে। ২০০৪ সালে জমি অধিগ্রহণ করা হয়। ২০০৮ সালে শিল্পতালুক গড়ে ওঠে। অনেক জমিতে যেমন কারখানা গড়ে উঠেছে। তেমনই অনেক জমি এখনও ফাঁকা পড়ে আছে। অভিযোগ অনেক কারখানা গড়ে উঠলেও জমিদাতাদের কাজ দেওয়া হয়নি। সংগ্রাম কমিটির পক্ষে মিহির পাহাড়ি বলেন, সেদিন কাজ দেওয়া হবে বলে জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু সেই কথা রাখা হয়নি। 
সম্পর্কিত সংবাদ