সংবাদদাতা,মেদিনীপুর: কারখানার জন্য জমি দিয়েও চাকরি মেলেনি। এবার চাকরির দাবিতে সোচ্চার হলেন খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকের জমিদাতারা। তৈরি হয়েছে জমিদাতা যৌথ সংগ্রাম কমিটি। সেই কমিটির ডাকেই সোমবার জমিদাতা পরিবারের সদস্যরা খড়্গপুরের এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায়। দেওয়া হয় ডেপুটেশনও। তাদের দাবি জমিদাতা পরিবার পিছু একজন কে চাকরি দিতে হবে। সংগঠনের পক্ষে বিপ্লব ভট্ট বলেন, এখনও বহু জমিদাতা পরিবারের সদস্যরা চাকনি পান নি। জমি অধিগ্রহণ করা হলেও অনেক জমিতে এখনও শিল্প গড়ে ওঠেনি। আমাদের দাবি যেখানে কারখানা তৈরি হয়েছে সেখানে প্রতি পরিবার পিছু এক জনকে চাকরি দিতে হবে। যেখানে এখনও কারখানা গড়ে ওঠেনি সেখানে পরিবারের একজনকে মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে। জমিদাতা, কারখানা কর্তৃপক্ষ, প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় কমিটি গঠন করতে হবে। প্রসঙ্গত, বাম আমলে ২০০৩-০৪ সালে তৎকালীন রাজ্য সরকার খড়্গপুরের চৌরঙ্গির কাছে বিদ্যাসাগর শিল্পতালুক গড়ে তোলে। এর জন্য গ্রামীণ ও শহরের জফলা, জফলী, রুইসণ্ডা, জিঝারপুর, রূপনারায়ণপুর, মোবারচক, বড়াডিহা, ঘোলাগেড়িয়া, ইন্দা এলাকার ১২৪৯ একর জমি অধিগ্রহণ করা হয়। আন্দোলনকারীদের দাবি সেই সময় প্রশাসনিক স্তরে একাধিক বৈঠক করে বলা হয়েছিল জমিদাতাদের পরিবার পিছু একজনকে চাকরি দেওয়া হবে। কিন্তু প্রথম দিকে চাকরি হলেও পরে তা বন্ধ হয়ে যায়। কারখানার জন্য জমি দিয়েও চাকরি পাওয়া যায় নি।



