সংবাদদাতা, মেদিনীপুর: শুক্রবার খড়্গপুর শহর ও গ্রামীণ এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়। ওইদিন বিকেলে শহরের নিমপুরা এলাকায় একটি চারচাকা গাড়ি, অটোকে ধাক্কা মারে। মৃত্যু হয় এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর। তাঁর নাম শিব শঙ্কর(৬৫)। তাঁর বাড়ি মথুরাকাটিতে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তুলে অটোয় বাড়ি ফিরছিলেন। একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে ধাক্কা মারে। তিনি অটো থেকে মাটিতে পড়ে যান। তাঁর উপর অটোটি উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিস শনিবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়।
Advertisement
শুক্রবার সন্ধ্যায় খড়্গপুর গ্রামীণ এলাকার খেমাশুলির কাছে দু’টি বাইকের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতের নাম প্রবীর মাহাত(৪৫)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের সোনাকুন্দরা এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’টি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। শনিবার মৃতদেহের ময়নাতদন্ত হয়।



