Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে নিকাশিনালা তৈরির কাজ তাড়াতাড়ি শেষের নির্দেশ

খড়্গপুরে নিকাশিনালা তৈরির কাজ তাড়াতাড়ি শেষের নির্দেশ
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: রেল শহর খড়্গপুরে বেহাল নিকাশি ব্যবস্থার জেরে বর্ষাকালে অনেক এলাকায় জল জমে যায়। ফলে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। নতুন নিকাশিনালা তৈরির জন্য টাকা বরাদ্দ হলেও কাজ এখনও শেষ হয়নি। এবার তাড়াতাড়ি সেই কাজ শেষ করতে ঠিকাদারদের নির্দেশ দিল খড়্গপুর পুরসভা।
Advertisement
পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, কোথায় কতটা কাজ হয়েছে, কোন কোন ওয়ার্ডে কাজ বাকি আছে, তা দেখতে সম্প্রতি রিভিউ মিটিং করা হয়। সেখানে দেখা যায়, বেশকিছু ওয়ার্ডে কাজ শুরুই হয়নি। আবার কিছু ওয়ার্ডে কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করতে ঠিকদারদের নির্দেশ দেওয়া হয়েছে।
লোকসভা ভোটের আগে শহরের ৩৫টি ওয়ার্ডের নিকাশি সমস্যা মেটাতে জন্য ৩ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই টাকায় নতুন নর্দমা তৈরি করতে বলা হয়। ২৬টি ওয়ার্ডকে ১০ লক্ষ করে দেওয়া হয়েছে। আইআইটি ও রেল এলাকার ন’টি ওয়ার্ডকে আট লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের টায়েড ফান্ড থেকে এই টাকা বরাদ্দ করা হয়।
চেয়ারপার্সন বলেন, লোকসভা ভোট এসে যাওয়ায় সেসময় কাজ শুরু করা যায়নি। পরে কাজ শুরু হলেও দেখা যাচ্ছে, অনেক ওয়ার্ডে কাজ শুরুই হয়নি। শহরে প্রায় ৬০-৭০টি পাকা নর্দমা হবে। এর মাধ্যমে বিভিন্ন এলাকার জল বড় নর্দমায় ফেলা যাবে। ফলে এলাকায় আর জল জমে থাকবে না। ভাইস চেয়ারম্যান তৈমুর আলি খান জানান, চেয়ারপার্সন পুরসভার এগজিকিউটিভ অফিসার, ইঞ্জিনিয়ার ও ঠিকদারদের নিয়ে এই রিভিউ মিটিং ডেকেছিলেন। আমিও মিটিংয়ে ছিলাম। সেই মিটিংয়ে দু’তিন সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।
তৃণমূল কাউন্সিলার নমিতা চৌধুরী বলেন, আমার ওয়ার্ডে কাজ চলছে। অনেকটা কাজ হয়ে গিয়েছে। বিজেপি কাউন্সিলার অনুশ্রী বেহেরা বলেন, কালীপুজোর আগে জানতে পারি, কোন ঠিকাদার কাজ পেয়েছেন। তারপর বর্ষার জন্য কাজ শুরু হয়নি। সোমবার থেকে কাজ শুরু হয়েছে। আমার এলাকায় দু’টি ঢালাই নর্দমা তৈরি হবে। কংগ্রেস কাউন্সিলার মধু কামী বলেন, একটা নর্দমা হয়ে গিয়েছে। তারপর বর্ষার জন্য কাজ করা যায়নি। ঠিকাদারকে ফের কাজ শুরু করতে বলেছি।
সম্পর্কিত সংবাদ