Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে মাওয়াপল্লি উন্নয়ন যুব সঙ্ঘের অনুষ্ঠান ঘিরে উন্মাদনা

খড়্গপুরে মাওয়াপল্লি উন্নয়ন যুব সঙ্ঘের অনুষ্ঠান ঘিরে উন্মাদনা
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: খড়্গপুর-২ ব্লকের মাওয়াপল্লি উন্নয়ন যুব সঙ্ঘের ৫৯তম বার্ষিক অনুষ্ঠান ঘিরে এলাকায় উন্মাদনা দেখা দিয়েছে। এই ক্লাবের উদ্যোগে ৪-১২ জানুয়ারি বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে বিধায়ক অজিত মাইতি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। বার্ষিক অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নানা সমাজকল্যাণমূলক কর্মসূচি পালন করছেন ক্লাবের সদস্যরা।
Advertisement
ক্লাবের উদ্যোগে পশু চিকিৎসা শিবির, স্বাস্থ্যশিবির, রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাও থাকছে। মানবসেবায় নিজেদের নিয়োজিত করাই এই ক্লাবের সদস্যদের মূল লক্ষ্য।
ক্লাবের সভাপতি কানাইলাল ভট্ট ও সহ-সভাপতি শক্তিপদ পলমল বলেন, আমাদের ক্লাবের মূলমন্ত্র জনসেবা। বহু পরিশ্রম করে ক্লাবের সদস্যরা নানা কর্মসূচি পালন করেন। সবাইকে বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি।
প্রায় ৬০ বছর আগে খড়গপুর-২ ব্লকের মাওয়া গ্রামের বেশ কয়েকজন যুবক এই ক্লাব প্রতিষ্ঠা করেন। সূচনালগ্নে ক্লাবের নির্দিষ্ট ঘর ছিল না। পরবর্তীকালে সরকারি ও বেসরকারি সাহায্যে ক্লাবঘর তৈরি হয়। এরপর ক্লাবের সদস্যদের উদ্যোগে সমাজসেবামূলক কাজ শুরু হয়। একের পর এক সমাজকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে ক্লাবের সদস্যরা এলাকার মানুষের মন জয় করে নেন। পরে নেহরু যুব কেন্দ্র কর্তৃক এই ক্লাব অনুমোদিত হয়। এর ফলে সমাজকল্যাণমূলক কর্মসূচির সংখ্যাও বাড়ে। ক্লাবের উদ্যোগে বিনামূল্যে পশুচিকিৎসা শিবিরও আয়োজন করা হয়। সাধারণ মানুষের জন্য প্রতি মাসে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। বিনামূল্যে শিশুদের ওষুধ দেওয়া হয়।
ক্লাবের সম্পাদক কনককান্তি ঘোষ ও সহ-সম্পাদক সুনীল মহাপাত্র বলেন, রাজ্য সরকারের তরফে সহযোগিতা পেয়েছি। ক্লাবের সমস্ত সদস্য ও এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এত বড় মাপের অনুষ্ঠান করা সম্ভব হতো না। গত বছর ক্লাবের উদ্যোগে এলাকার মানুষের সুবিধার্থে পথবাতির ব্যবস্থা করা হয়েছে।
খেলাধুলোতেও এই ক্লাব এগিয়ে রয়েছে। ক্লাবের সদস্যরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। সাফল্যও মেলে। ক্লাবের উদ্যোগে সারাবছর ধরে মনীষীদের জন্মদিন পালন করা হয়। বছরের বিশেষ বিশেষ দিনে নানা অনুষ্ঠানও আয়োজিত হয়।
করোনা সঙ্কটের সময়ও ক্লাবের সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছিল। সেসময় ক্লাবের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিলে আর্থিক সাহায্য করা হয়। ক্লাব কমিটির সদস্য সুবল মাইতি, তরুণকান্তি ঘোষ ও বিনয় মহাপাত্র বলেন, কেউ বিপদে পড়লে ক্লাবের সদস্যরা ঝাঁপিয়ে পড়েন। আমরা আগামী দিনে আরও কয়েকহাজার মানুষকে বিনামূল্যে নানা পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েছি।-নিজস্ব চিত্র
 
সম্পর্কিত সংবাদ