Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুর লোকাল থানা এলাকায় পৃথক দুর্ঘটনায় মৃত তিন, জখম ৩

খড়্গপুর লোকাল থানা এলাকায় পৃথক দুর্ঘটনায় মৃত তিন, জখম ৩
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: শুক্রবার ভোরে খড়্গপুর লোকাল থানা এলাকায় পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন তিনজন। প্রথম ঘটনাটি ঘটেছে ওই থানারই লছমাপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে। আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর এলাকায়।
Advertisement
প্রথম ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। মৃতদের নাম রামপদ দোলাই(৭০) ও রণিকেত চক্রবর্তী(২১)। রামপদবাবুর বাড়ি খড়্গপুর লোকাল থানা এলাকার বুড়ামালা গ্রামে। মৃত যুবকের বাড়ি মেদিনীপুর শহরের বরিশাল কলোনি এলাকায়। 
এই ঘটনায় আরও দু’জন জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, কালীপুজো উপলক্ষে মেয়ের বাড়ি এসেছিলেন রামপদবাবু। চা খাওয়ার জন্য দোকানে যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনাগ্রস্ত বাইকটি ছিটকে ওই বৃদ্ধ আরও একজন মহিলা পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রামপদবাবুর। গুরুতর জখম অবস্থায় বাইক চালক ও তাঁর বন্ধুকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মারা যান রণিকেতবাবু। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রণিকেত ও তাঁর বন্ধু ডেবরার দিক থেকে বাইকে করে মেদিনীপুরের দিকে আসছিলেন। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে তারা বাইক থেকে ছিটকে পড়ে যান। বাইকটি দ্রুত গতি থাকায় আরও বেশ কিছুটা গিয়ে ওই বৃদ্ধ ও এক মহিলা পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।  
মৃতের মেয়ের দেওর প্রতাপ খাঁ বলেন, বাড়িতে কালীপুজো ছিল। বউদির বাবা এসেছিলেন। ভোরে চা খেতে বেরিয়েছিলেন। এই সময় বাইকটি দ্রুত গতিতে তাঁকে ধাক্কা মারে। এদিনই ভোররাতে অপর দুর্ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানারই ১৬ নম্বর জাতীয় সড়কে কৃষ্ণনগর এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডেবরার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাইক অন্য একটি গাড়ির পিছনে ধাক্কা মারে। এই ঘটনায় বাইকে থাকা দুই যুবক গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। তাঁর নাম শান্তনু সাঁতরা(২৫)। বাড়ি ঝাড়গ্রামে। অপর যুবককে আশঙ্কজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ