সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর মহকুমা হাসপাতালে গর্ভস্থ শিশুর মৃত্যুর ঘটনায় এবার তদন্ত কমিটি গঠন করল জেলা স্বাস্থ্য দপ্তর। চার সদস্যের কমিটির নেতৃত্বে আছেন ডেপুটি সিএমওএইচ-৩ সুদীপ মণ্ডল, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের দুই চিকিৎসক দীপককুমার পাল ও রানু ঘোষ এবং জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি শ্রীলতা মণ্ডল। সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গি বলেন, কমিটিকে সাতদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
Advertisement
প্রসঙ্গত খড়্গপুর শহরের তালবাগিচার বাসিন্দা সুদীপ দাস গত ২০ নভেম্বর অভিযোগ করেছিলেন, চিকিৎসার গাফিলতিতে তাঁর স্ত্রীর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে তিনি সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, তার পরিপ্রেক্ষিতে সিএমওএইচ এর নির্দেশে হাসপাতাল সুপার তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছিলেন। তিনজনই এই হাসপাতালেরই চিকিৎসক হওয়ায় মৃতের পরিবারের পক্ষ থেকে আপত্তি তোলা হয়। তাঁদের বক্তব্য ছিল যে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ সেখানকার চিকিৎসকদের দিয়েই তদন্ত করালে সঠিক ঘটনা জানা যাবে না। এরপরই জেলা স্বাস্থ্য দপ্তর অন্য হাসপাতালের চিকিৎসকদের দিয়ে পৃথক কমিটি গঠন করে।



