Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে গোপালী পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি

খড়্গপুরে গোপালী পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর-১ ব্লকের গোপালী পঞ্চায়েতের বিজেপি সদস্যা প্রীতি মেচা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরে তৃণমূলের জেলা অফিসে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন শাসকদলের জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। ফলে ওই  পঞ্চায়েতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারাল। তবে আইন অনুযায়ী এখনই পঞ্চায়েত হাতবদল হচ্ছে না। পঞ্চায়েত আইন অনুযায়ী, আড়াই বছর না হলে কোনও পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না। আড়াই বছর হতে এখনও একবছর বাকি। সুজয়বাবু বলেন, এখনই আমরা পঞ্চায়েত নিয়ে কিছু ভাবছি না। খড়্গপুর-১ এর বিডিও সৌমেন দাস বলেন, আইন অনুযায়ীই সমস্ত কিছু হবে।গত পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে বিজেপি ও তৃণমূল ১১টি করে আসনে জয়ী হয়। একটি আসনে নির্দল ও একটিতে সিপিএম প্রার্থী জয়ী হন। বিজেপি নির্দল সদস্যের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে। এবার তাদের একজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির সদস্য সংখ্যা কমে হল ১০।  তৃণমূলের সদস্যসংখ্যা বেড়ে ১২ হয়েছে। একবছর পর ওই পঞ্চায়েতের নির্দল ও সিপিএম সদস্য কী ভূমিকা নেন, তার উপর নির্ভর করবে, কারা পঞ্চায়েত গঠন করবে।প্রীতি মেচা বলেন, একবছর বিজেপি গ্রামে কোনও উন্নয়ন করেনি। মানুষের জন্য কোনও কাজ করতে পারিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উন্নয়নের কাজ দেখে স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছি। এবার এলাকার উন্নয়ন করতে পারব। পঞ্চায়েত প্রধান বিনয় দাস বলেন, এলাকায় আমরা ভালোই কাজ করছি। উন্নয়নের প্রশ্নে নয়, প্রলোভনে পড়ে উনি দল ছেড়েছেন।বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, ভয় দেখিয়ে, সন্ত্রাস করে আর কাউকে ভাঙানো যাবে না। পঞ্চায়েত আমাদেরই থাকবে। তৃণমূলের জেলাস্তরের এক নেতা বলেন, আগামী একবছরের মধ্যে আরও কয়েকজন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ