Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে দলীয় কাউন্সিলারদের মধ্যে বিরোধ, কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের

খড়্গপুরে দলীয় কাউন্সিলারদের মধ্যে বিরোধ, কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর পুরসভার দলীয় কাউন্সিলারদের মতবিরোধ মেটাতে তৎপর হল জেলা তৃণমূল নেতৃত্ব। মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বলেন, চলতি মাসেই পুরসভার দলীয় কাউন্সিলারদের নিয়ে বৈঠক করা হবে। সবার বক্তব্য শোনা হবে। প্রয়োজনে তার আগে দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক হবে। তিনি বলেন, দলের একটাই বার্তা, বিরোধ মিটিয়ে সবাইকে এক হয়ে চলতে হবে। আগামী বিধানসভা ভোটে এর যেন কোনও প্রভাব না পড়ে তা দেখতে হবে। সেকথা সবাইকে জানিয়ে দেওয়া হবে। 
Advertisement
কয়েকদিন আগে পুরসভার বোর্ড মিটিংয়ে দলীয় কাউন্সিলারদের গোষ্ঠী বিরোধের প্রভাব পড়ে। গত মঙ্গলবার পুরসভার বোর্ড মিটিং ছিল। হাউস ফর অল সহ কয়েকটি বিষয় নিয়ে এই বোর্ড মিটিং ডাকা হয়েছিল। কিন্তু দলের ২৪জন কাউন্সিলারের মধ্যে ১৫জন কাউন্সিলার মিটিংয়ে অনুপস্থিত ছিলেন। তাঁরা বোর্ড মিটিং বয়কট করেন। বিজেপি সহ বিরোধী কাউন্সিলাররা উপস্থিত থাকায় মিটিংয়ে কোরাম হয়। নয়তো মিটিংই করা যেত না। জানা গিয়েছে চেয়ারপার্সন কল্যাণী ঘোষ মিটিংয়ে অনুপস্থিত মহিলা কাউন্সিলারদের বারবার ফোন করেও কোনও ইতিবাচক সাড়া পাননি। মিটিং বয়কটের পাশাপাশি দলীয় কাউন্সিলাররা চেয়ারপার্সনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। চেয়ারপার্সন অবশ্য বলেন, ব্যক্তিগত কারণে সেদিন অনেক কাউন্সিলার মিটিংয়ে আসতে পারেন নি। প্রসঙ্গত, পুরসভায় বোর্ড গঠনের পর থেকেই দলীয় কাউন্সিলাররা গোষ্ঠী বিরোধে জড়িয়ে পড়েন। তার ফলে বোর্ড গঠনের আট মাসের মাথায় প্রথম চেয়ারম্যান প্রদীপ সরকারকে সরে যেতে হয়। তাঁর বিরুদ্ধে দলের কাছে অনাস্থা জানান অধিকাংশ কাউন্সিলার। পরে কল্যাণী ঘোষকে দল চেয়ারপার্সন করে। কিছুদিন যেতে না যেতেই ফের বিরোধ শুরু হয়ে যায়। তাঁর বিরুদ্ধেও জোট বাঁধেন দলের অধিকাংশ কাউন্সিলার। এই বিরোধের প্রভাব পড়ে লোকসভা ভোটেও। দলের প্রার্থী জুন মালিয়া জয়ী হলেও খড়্গপুর বিধানসভা এলাকায় তিনি পিছিয়ে পড়েন। এবার অধিকাংশ কাউন্সিলার জোটবদ্ধ হয়ে চেয়ারপার্সনের বিরুদ্ধে কার্যত অনাস্থাই জানালেন। এই বিরোধকে ভালো চোখে দেখছে না জেলা তৃণমূল।
সম্পর্কিত সংবাদ