Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুর আইআইটিতে অধ্যাপকদের মিছিল

খড়্গপুর আইআইটিতে অধ্যাপকদের মিছিল
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা,মেদিনীপুর: শোকজ নোটিস প্রত্যাহারের দাবিতে বুধবার সন্ধ্যায় আইআইটি ক্যাম্পাসে মিছিল করলেন অধ্যাপকরা। এই মিছিলের ডাক দিয়েছিল আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল। এই ঘটনায় সংগঠনের সাধারণ সম্পাদক অমলকুমার দাস সহ আরও চার পদাধিকারিকে কর্তৃপক্ষ শোকজ করে। তার বিরুদ্ধেও সোচ্চার হন অধ্যাপকরা। গত ২৮ নভেম্বর জরুরি বৈঠক ডেকে তাঁরা সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষকে অবিলম্বে ওই শোকজ নোটিস প্রত্যাহার করতে হবে।  না হলে তাঁরা আমরণ অনশনে বসার হুমকি দেন। সেই সিদ্ধান্তে ৮৬ জন অধ্যাপক সই করেছেন। তাঁরা সেই সিদ্ধান্তের কথা আইআইটি কর্তৃপক্ষকে জানিয়েও দেন। পরপরই কর্তৃপক্ষ আরও কড়া পদক্ষেপ নেয়। অভিযোগ এই চিঠি হাতে পাওয়ার পরই কর্তৃপক্ষ ফের ওই ৮৬ জন অধ্যাপককেও শোকজের নোটিস পাঠায়। এতে সংগঠনের সদস্যদের ক্ষোভ আরও বাড়ে। সূত্রের খবর এর বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি তাঁরা আইনের আশ্রয় নিতে চলেছে। এদিন আন্দোলনের  প্রথম পদক্ষেপ হিসেবে এই মিছিল বলে জানা গিয়েছে।  এ বিষয়ে আইআইটি কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ