সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর আইআইটি চত্বরে একটি নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক শিশু শ্রমিকের। তার নাম মকদুল হাসান(১৬)। বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় এলাকায়। সে এক ঠিকাদারের অধীনে কাজ করছিল। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সে কাজ করতে গিয়ে সিঁড়ি থেকে নীচে পড়ে যায়। তাকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। আইএনটিটিইউসির জেলা সহ সভাপতি শেখ আয়ুব আলি বলেন, আইআইটির মধ্যে যে কোনও কাজে নিরাপত্তার উপর জোর দেওয়া উচিত।



