সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরের একটি আবাসনে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল। মেয়েটি অষ্টম শ্রেণির ছাত্রী। তার মা খড়্গপুর টাউন মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, অভিুযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তবে এখনও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় নাবালিকার মা ক্ষোভ প্রকাশ করেছেন।
Advertisement
নাবালিকার মায়ের অভিযোগ, তাঁর মেয়ে যখন লিফটে ওঠানামা করে, তখন অভিযুক্ত লিফটে উঠে তাকে কুপ্রস্তাব দেয়। তিনি বলেন, মেয়ে কখন লিফটে উঠবে, তার জন্য ও অপেক্ষা করে থাকত। লিফটে উঠে তাকে আদর করত। প্রথমে আমরা বিষয়টিকে গুরুত্ব দিইনি। ভেবেছিলাম, স্নেহের বশে আদর করে। কিন্তু কয়েকদিন আগে স্কুল থেকে ফিরে মেয়ে যখন লিফটে ওঠে, তখন সে লিফটে উঠে মেয়েকে চকোলেট দেয়। তাকে কানে কানে কুপ্রস্তাব দেয়। বিষয়টি ভেবে পরদিন উত্তর দিতে বলে। মেয়ে আমাকে বিষয়টি জানালে খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ জানাই। বিষয়টি চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটিকেও জানিয়েছি। কিন্তু এখনও পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেনি।



