Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে আবর্জনা ও নিকাশি সমস্যা মেটাতে বরাদ্দ ২ কোটি ২৩ লক্ষ

খড়্গপুরে আবর্জনা ও নিকাশি সমস্যা মেটাতে বরাদ্দ ২ কোটি ২৩ লক্ষ
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরের সমস্ত ওয়ার্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। তার জন্য পুরসভা ২৮লক্ষ টাকা বরাদ্দ করেছে। বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, এজন্য প্রতিটি ওয়ার্ডকে ৮০হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া, আবর্জনা ও নিকাশি সমস্যা মেটাতে সবমিলিয়ে ২ কোটি ২৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ‘এ’ ক্যাটেগরির ২২টি ওয়ার্ডকে সাত লক্ষ করে, ‘বি’ ক্যাটেগরির চারটি ওয়ার্ডকে ছয় লক্ষ করে এবং আইআইটি ও রেল এলাকার ন’টি ওয়ার্ডকে পাঁচ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। এই টাকায় নর্দমা ও ভ্যাট তৈরি করা যাবে।
Advertisement
পুরসভার এক আধিকারিক জানান, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প থেকে এই  ২ কোটি ২৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সেই টাকায় কেন্দ্রীয়ভাবে নর্দমা, ভ্যাট তৈরির জন্য ৭০ লক্ষ টাকা, ছোট গাড়ি এবং আর্থমুভার কেনার জন্য ২৭ লক্ষ টাকা রাখা হয়েছে। পুরসভার ভাইস চেয়ারম্যান তৈমুর আলি খান বলেন, সবাইকে বলা হয়েছে, ক্রীড়া প্রতিযোগিতার জন্য একটি ফ্লেক্স করতে হবে। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিতে হবে। সেই ফ্লেক্স প্রতিটি ওয়ার্ডে খেলার সময় টাঙাতে হবে। প্রতিযোগিতার উদ্বোধনের সময় চেয়ারপার্সন, ভাইস চেয়ারম্যান সহ আধিকারিকদের অবশ্যই ডাকতে হবে।  
পুরসভার বিকল হয়ে পড়ে থাকা গাড়ি সহ অন্য জিনিস বিক্রি করার সিদ্ধান্তও বোর্ড মিটিংয়ে নেওয়া হয়েছে। সেগুলি নিলাম করে বিক্রি করা হবে। চেয়ারপার্সন বলেন, এর জন্য ভাইস চেয়াম্যানের নেতৃত্বে একটি কমিটি গড়ে দেওয়া হয়েছে। বিরোধী কাউন্সিলাররাও সেই কমিটির সদস্য থাকছেন।
পুরসভায় ব্যবহার হতে হতে বিকল হয়ে পড়া গাড়ি সহ অন্য জিনিস আছে। অভিযোগ, এমনও অনেক জিনিস পড়ে আছে, যা একদিনও ব্যবহার হয়নি। লক্ষ লক্ষ টাকায় কেনা সেসব জিনিস মহকুমা হাসপাতালের কাছে পুরসভার খালি জমিতে দিনের পর দিন ফেলে রাখা হয়েছে। ফলে তা রোদে, জলে নষ্ট হয়েছে। এখন পুরসভা ওই জায়গায় শেড তৈরি করছে। আপাতত সেই শেডের নিচে ওই সমস্ত জিনিস রাখা হবে। 
সম্পর্কিত সংবাদ