নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: শনিবার রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে ‘খেলা হবে’ দিবস পালন করা হল ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে। হুগলির চণ্ডীতলা-২ ব্লকের বাকসা স্পোর্টিংয়ের মাঠে এদিন মহিলা ও পুরুষদের দু’টি করে দল চূড়ান্ত পর্বের ফুটবল ম্যাচে অংশ নেয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া। উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় সহ কর্তাব্যক্তিরা। বাকসা স্পোর্টিং ক্লাব ও গরলগাছা জুনিয়র স্পোর্টিং ক্লাবের মধ্যে এদিন পুরুষদের চূড়ান্ত পর্বের খেলা হয়েছে। সুবীরবাবু বলেন, জেলাস্তরের চূড়ান্ত বিজয়ীরা রাজ্যস্তরে খেলবেন। এদিন উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে খেলা হবে দিবস পালন করা হয়। পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, মহকুমা শাসক মানসকুমার মণ্ডল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান প্রমুখ। এদিন খেলা হবে দিবস উপলক্ষে উলুবেড়িয়া একাদশ বনাম বাউড়িয়া একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা হয়। উলুবেড়িয়া একাদশ ২-০ গোলে বাউড়িয়া একাদশকে পরাজিত করে।



