Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরি, হলদিয়া, মহিষাদল ও পাঁশকুড়া পূর্ব: ফলাফলে বড় ফ্যাক্টর হবে সিপিএম

পূর্ব মেদিনীপুরে চার আসনে জয়-পরাজয়ে ফ্যাক্টর হতে চলেছে সিপিএম। এবার পাঁশকুড়া পূর্ব, মহিষাদল, হলদিয়া ও খেজুরি আসনে প্রচারে ভালো সাড়া ফেলেছিল লালপার্টি।

খেজুরি, হলদিয়া, মহিষাদল ও পাঁশকুড়া পূর্ব: ফলাফলে বড় ফ্যাক্টর হবে সিপিএম
  • ১ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরে চার আসনে জয়-পরাজয়ে ফ্যাক্টর হতে চলেছে সিপিএম। এবার পাঁশকুড়া পূর্ব, মহিষাদল, হলদিয়া ও খেজুরি আসনে প্রচারে ভালো সাড়া ফেলেছিল লালপার্টি। ২০২১সালের তুলনায় এবার সিপিএম অনেকটাই ঘর গুছিয়ে ভোটযুদ্ধে নেমেছিল। বিশেষ করে রামে যাওয়া বাম ভোট ফেরানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে সিপিএমের স্থানীয় নেতৃত্ব। এই জেলায় বামেরা যে ১৫টি আসনে লড়াই করেছে। তারমধ্যে চারটিতে ভোটপ্রাপ্তির হার বাড়বে বলে দলীয় নেতৃত্ব মনে করছে।

Advertisement

২০১৬সালে বিধানসভা ভোটে কোলাঘাট পূর্ব আসনে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা বিপ্লব রায়চৌধুরীকে পরাস্ত করেছিলেন সিপিএমের যুব নেতা শেখ ইব্রাহিম আলি। ২০২১সালে তিনি সেভাবে ছাপ ফেলতে না পারলেও এবার ভোটে জয়-পরাজয়ে তাঁর ভূমিকা থাকবে বলে অনেকেই মনে করছেন। ওই কেন্দ্রে এবারও ইব্রাহিম সিপিএম প্রার্থী। প্রচারে বেশ সাড়া ফেলেছেন। তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেও নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন। গতবার ভোট প্রাপ্তির শতকরা হার ৮শতাংশ থাকলেও এবার সেটা বাড়বে বলে সিপিএম কর্মীদের ধারণা।
এবার পূর্ব মেদিনীপুরে আরও এক সিপিএম প্রার্থী খেজুরির হিমাংশু দাসকে ঘিরে দলীয় কর্মীরা বেশ উৎসাহ তৈরি হয়েছিল। হিমাংশুবাবু সিপিএমের রাজ্য কমিটির সদস্য এবং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। ২০২১সালে ৩.৬৫শতাংশ ভোট পেয়েছিলেন হিমাংশুবাবু। সিপিএমের দাবি, এবার পরিস্থিতি ভিন্ন। খেজুরিতে বামের ভোট রামে যাওয়ায় রাশ টেনেছেন হিমাংশুবাবু। নিষ্ক্রিয় হয়ে যাওয়া কর্মীদের অনেককে বাড়ি থেকে বের করে ফের পথে নামিয়েছেন তিনি। এমনকি, রামে চলে যাওয়া কর্মীদের একাংশকেও দলে ফিরিয়েছেন। এরফলে খেজুরিতে হিমাংশুবাবু লড়াই দিয়েছেন। এই আসনেও জয়-পরাজয়ের নির্ণায়ক শক্তি হতে চলেছে সিপিএম।
পূর্ব মেদিনীপুরের আর একটি গুরুত্বপূর্ণ আসন হলদিয়া। একসময় সিপিএমের লালদুর্গ ২০২১সালে গেরুয়াময় হয়ে যায়। ২০২৪সালে লোকসভা ভোটেও বিজেপি ১৮হাজার ৫০১ভোট লিড নিয়েছিল। সেই হলদিয়ায় এবার তৃণমূলের বাজি বিজেপি ছেড়ে আসা তাপসী মণ্ডল। তবে, সিপিএমের জেলা কমিটির সদস্য অশোক পাত্র এবার হলদিয়ায় প্রচারে ভালো সাড়া পেয়েছেন। ২০২১সালে এই আসনে সিপিএম ১০শতাংশ ভোট পেয়েছিল। এবার সেটা ছাপিয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। কারণ শিল্পাঞ্চলের অনেক শ্রমিক, খেটেখাওয়া মানুষ আস্থা দেখিয়েছে সিপিএমের উপর।
মহিষাদল আসনে সিপিএম এবার আন্দোলনের মুখ পরিতোষ পট্টনায়েককে প্রার্থী করেছে। জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পরিতোষবাবু খেটে খাওয়া মানুষের স্বার্থে আন্দোলনের প্রথমসারির মুখ। মহিষাদলে প্রচারেও ভালো সাড়া জাগিয়েছেন। মানুষের আস্থা অর্জন করেছেন। শ্রমিক, খেটেখাওয়া মানুষকে সংঘবদ্ধ করেছেন। ২০২১সালে মহিষাদলে সিপিএম ৭শতাংশ ভোট পেয়েছিল। এবার সেটা বাড়বে এবং জয় পরাজয়ে ফ্যাক্টর হিসেবে ওঠে আসবে বলে অনেকে মনে করছেন। হিমাংশুবাবু বলেন, ২০২১এর তুলনায় এবার আমরা অনেকটাই শক্তি অর্জন করে লড়াইয়ে নেমেছি। বেশকিছু জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচারে শামিল হয়েছেন। ৪তারিখ ভোট গণনার সময় তার প্রতিফলন দেখতে পাব বলে আশা রাখছি।  খেজুরির হেঁড়িয়ায় সিপিএমের কার্যালয়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ