নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সকালে খড়দহে শ্মশানঘাটের কাছে জমি মাফিয়ারা শতাব্দীপ্রাচীন একটি অশ্বত্থ গাছ কাটা শুরু হয়। গাছের তলায় থাকা একটি শীতলা মন্দিরও তুলে দেওয়ার চেষ্টা হয়। গাছ কাটা হচ্ছে দেখে তীব্র ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে খড়দহ থানার পুলিস দ্রুত ব্যবস্থা নিয়ে আটক করে ঠিকাদারকে।
Advertisement
খড়দহে গঙ্গা তীরবর্তী ১৮ নম্বর ওয়ার্ডের রাসখেলা মন্দির সংলগ্ন এলাকায় ওই পুরনো অশ্বত্থ গাছ ও শীতলা মন্দির রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই গাছ কেটে এবং মন্দির তুলে দিয়ে জমি মাফিয়ারা এখানে প্রোমোটারি রাজ কায়েম করতে চায়। তাই গাছের ডাল ছাঁটা ফেলার অজুহাতে গোটা গাছটাই ইলেকট্রনিক কাটার দিয়ে কাটা শুরু হয়েছিল। এক্ষেত্রে বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত খড়দহ থানার আইসি দেবাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল বাহিনী গিয়ে গাছকাটায় বাধা দেয় এবং শ্রমিকদের আটক করে। এই ঘটনা সম্পর্কে খড়দহ পুরসভার চেয়ারপার্সন নীলু সরকার বলেন, কোনও অবস্থাতেই পুরসভা গাছকাটা অনুমোদন করে না। কে বা কারা করছে এটি, তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে বন ও পরিবেশ দপ্তরকেও বিষয়টি জানানো হবে।



