Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়ি নদীর উৎপত্তিস্থলে পুজো ও মেলার আয়োজন মানকরে

খড়ি নদীর উৎপত্তিস্থলে পুজো ও মেলার আয়োজন মানকরে
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানকর: মানকরের মাড়ো গ্রামে খড়ি মন্দিরের বার্ষিক পুজো ও পৌষমেলাকে কেন্দ্র করে ব্যাপক ভিড় জমেছে এলাকায়। পুজো উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খড়ি নদীর উৎপত্তিস্থলে বসেছে মেলা। পাঁচদিন ধরে মেলা চলবে। পাশাপাশি রীতি মেনে এবারেও খড়গেশ্বরীদেবীর পুজোর আয়োজন করা হয়েছে। 
Advertisement
জনশ্রুতি রয়েছে, কালাচাঁদ গোঁসাই নামে এক ব্রাহ্মণ ছিলেন এলাকায়। পরপর কয়েক বছর অনাবৃষ্টির কারণে গ্রামে ফসল হয়নি। স্থানীয়রা তাঁর কাছে উপস্থিত হলে তিনি বৃষ্টির জন্য পুজোর আয়োজন করেন। তারপরেই বৃষ্টি হয়। পুজোর পরের দিন তিনি দেখেন ১০ বছরের এক বালিকা তাঁর কাছে উপস্থিত হয়েছে। মেয়েটির গায়ের রং খড়ির মতো সাদা। নাম জিজ্ঞাসা করলে সে বলে তার নাম খড়ি। সেই থেকেই পুজোর প্রচলন রয়েছে। প্রথমে মন্দিরটি মাটির ঘরের থাকলেও বর্তমানে সেটি সংস্কার হয়েছে। তৈরি হয়েছে আটচালা। মন্দির সংলগ্ন ময়দানে চলছে মেলা। মন্দিরের পাশেই ছোট্ট জলাশয়। এই জলাশয় থেকেই খড়ি নদীর উৎপত্তি হয়েছে। তবে খড়ি নদীতে বছরের বেশিরভাগ সময়েই জল থাকে না। মাড়ো গ্রামের গোয়ালাপাড়া হয়ে এই নদী বুদবুদের সাধুনগর, বুদবুদ বাইপাসের পাশ দিয়ে গলসি, আউশগ্রাম হয়ে নাদনঘাটে ভাগীরথীতে মিশেছে। এলাকাবাসী বলেন, বর্ষায় এখনও নানা জায়গার জল খড়িতে এসে পড়ে। তখন নদীতে জল বাড়ে। কিন্তু গতিপথ মজে যাওয়ায়, খড়ির দু’পাড়ে কৃষিজমি ভাসিয়ে দেয় সেই জল। তাই নদীটি সংস্কার করা দরকার। এদিন মন্দির কমিটির এক সদস্য বলেন, মহোৎসব উপলক্ষ্যে ১২ হাজারেরও বেশি মানুষ মন্দিরে আসেন। স্থানীয়রা ছাড়াও পারাজ, গলসি, বর্ধমান, দুর্গাপুর এমনকী, আসানসোল থেকেও ভক্ত আসেন। 
সম্পর্কিত সংবাদ