Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খুচরো বাজারে ৩০ টাকা প্রতি কেজির বেশি নয় আলুর দাম, নির্দেশ প্রশাসনের

খুচরো বাজারে ৩০ টাকা প্রতি কেজির বেশি নয় আলুর দাম, নির্দেশ প্রশাসনের
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারে আলুর দাম কিছুতেই নিয়ন্ত্রণে থাকছে না। সাদা জ্যোতি আলুর দাম কখনও ৪০ ছাড়িয়ে যাচ্ছে। কখন ৩৫ টাকা কেজি। পেঁয়াজও ৭০ ছুঁয়েছে। অথচ জেলার হিমঘরগুলিতে যে পরিমাণ আলু মজুত আছে তাতে দাম বাড়ার কোনও কারণই নেই। জেলার বাইরে ভিনরাজ্যেও সেভাবে জেলার আলু যাচ্ছে না। তবু খুচরো বাজারে রবিবারও আলুর দাম ছিল ৩৫ টাকা প্রতি কেজি। এই পরিস্থিতিতে রবিবার জেলার হিমঘর মালিক ও বিভিন্ন বাজারের ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে খুচরো বাজারে আলুর কেজি প্রতি ৩০ টাকা ও পাইকারি বাজারে ২৬ টাকা সর্বোচ্চ দাম বেঁধে দিল প্রশাসন। পেঁয়াজের দাম কেজি প্রতি ৫০ টাকা ধার্য করা হয়েছে। এর বেশি দাম নেওয়া হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈঠকে এই বার্তা দেওয়ার পর দু’দিন অপেক্ষা করে নজর রাখা হবে। এরপর কাজ না হলে প্রশাসন পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। 
Advertisement
অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৌমেন দত্ত বলেন, হিমঘরের মালিক, আলু ব্যবসায়ী সমিতি, বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে এদিন বৈঠক হয়েছে। খুচরো বাজারে আলু ৩০ এবং পেঁয়াজের দাম ৫০ টাকা প্রতি কেজির মধ্যে যাতে থাকে সেই বিষয়টি নির্ধারণ করা হয়েছে। তাঁরাও নিশ্চয়তা দিয়েছেন। মাঝে দাম কিছুটা বেড়েছিল। এরপর পাইকারি 
বাজারে দাম কমলেও খুচরো বাজারে সব জায়গায় দাম কমেনি। হয়তো দাম কমাতে কিছুটা গড়িমসি করা হচ্ছে। এরপর ৩০ টাকা কেজির বেশি দরে আলু  বিক্রি হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা বাজার সমিতিগুলিকেও বলেছি দামের বিষয়টি নিশ্চিত করতে। 
কোচবিহার জেলায় মোট ১৯টি হিমঘর আছে। সেখানে বর্তমানে ২৩ হাজার মেট্রিক টনের বেশি আলু মজুত রয়েছে। সেটা যথেষ্ট। এর মধ্যে কিছুটা বীজের জন্য রাখা হলেও বাকিটা খাওয়ার আলু। বর্তমানে হিমঘরে যে পরিমাণ আলু রয়েছে তা মূলত চাষিদেরই আলু। ঝাড়াই বাছাই করে পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে ২৬ টাকা প্রতি কেজি দরে। কিন্তু সেই আলু খুচরো বাজারে অনায়াসে ৩০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করাই যায়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক বাজারেই সাদা আলু ৩৫ টাকা প্রতি কেজি দরে বহু বিক্রেতাই বিক্রি করছেন। ক্রেতারাও তা কিনতে বাধ্য হচ্ছেন। দিনের পর দিন এমনটা চলতে থাকায় স্বাভাবিকভাবেই ক্রেতাদের মনে ক্ষোভ জমতে শুরু করেছে। জোগানে কোনওরকম ঘাটতি না থাকার পরেও অহেতুক বাজারে চড়া দামে আলু কিনতে হচ্ছে। 
এই পরিস্থিতি আঁচ করতে পেরেই প্রশাসন কিছুটা দেরিতে হলেও নড়েচড়ে বসেছে। হিমঘর মালিক ও বাজারের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে এবার প্রশাসন আলু, পেঁয়াজের দাম বেঁধে দিল। যা আগামী দিনে নিত্যপ্রয়োজনীয় এই দুই আনাজের দাম নিয়ন্ত্রণে রাখবে বলেই আশা করা যাচ্ছে।  
সম্পর্কিত সংবাদ