সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: খবরের জেরে সার্ভিস রোডের ধার থেকে সরানো হল বিদ্যুতের দুটি খুঁটি। হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নং জাতীয় সড়কে ভবানীপুর ফ্লাইওভারের দক্ষিণ দিকে সার্ভিস রোডের ধার ঘেঁষে ছিল একটি কংক্রিট ও একটি লোহার বিদ্যুতের খুঁটি। এতে চলাচলে সমস্যা হচ্ছিল গাড়িচালক ও পথচারীদের। গত ১৩ নভেম্বর সেই খবর ‘বর্তমান’- এ তুলে ধরা হয়। নড়েচড়ে বসে প্রশাসন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার ও হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডলের উদ্যোগে সরানো হল খুঁটি দুটি। ৩১ নং জাতীয় সড়ক নির্মাণের প্রজেক্ট ইঞ্জিনিয়ার শঙ্কর সাধু বলেন, জমিজটের খুঁটি দুটি সরানো যাচ্ছিল না। স্থানীয় প্রশাসন চাষিদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেছে। খুঁটি দুটি সরানো হয়েছে।



