Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খবরের জেরে, বামনগোলায় বদলি করা হল গঙ্গারামপুরের সিডিপিওকে

খবরের জেরে, বামনগোলায় বদলি করা হল গঙ্গারামপুরের সিডিপিওকে
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: খবরের জেরে গঙ্গারামপুর ব্লকে একই পদে থাকা দুই সিডিপিওকে সরাল প্রশাসন। অভিযোগ, এক বছরের বেশি সময় ধরে গঙ্গারামপুর আইসিডিএস প্রজেক্টে দুজন ডব্লুবিসিএস ক্যাডার একই পদে বহাল থেকে রাজ্য সরকারের কাছ থেকে বেতন নিয়েছেন। যা সম্পূর্ণভাবে বেআইনি। এই খবর ‘বর্তমান’-এ তুলে ধরার পরই নড়েচড়ে বসে বিকাশ ভবন। দপ্তরের তরফে নতুন ভাবে বদলির নির্দেশ আসে জেলা প্রশাসনের কাছে। চুপিসারে গঙ্গারামপুর ব্লকের সিডিপিও’র দায়িত্বে থাকা রতনচন্দ্র বর্মনকে বদলি করা হয় মালদহের বামনগোলায়।  
Advertisement
গঙ্গারামপুরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কুশমণ্ডির সিডিপিও পল্লব কুমার চক্রবর্তীকে। প্রশাসন এখনও স্থায়ী কোনও আধিকারিক নিয়োগ করতে পারেনি গঙ্গারামপুর আইসিডিএস প্রজেক্টে। 
আইসিডিএস জেলা প্রজেক্ট আধিকারিক অশোক মজুমদার বলেন, দপ্তরের তরফে গঙ্গারামপুর মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে নতুন অর্ডার আসে। সেখানে গঙ্গারামপুর প্রজেক্ট আধিকারিক রতনচন্দ্র বর্মনকে পোস্টিং করানো হয় বামনগোলা ব্লকে। গঙ্গারামপুর প্রজেক্টের অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন কুশমণ্ডির সিডিপিও। গঙ্গারামপুরের আর এক সিডিপিও শাহিন খন্দকারের বিষয়ে কোনও অর্ডার নেই। বিষয়টি দপ্তর জানে। কুশমণ্ডির সিডিপিও পল্লবকুমার চক্রবর্তী বলেন, গঙ্গারামপুর মহকুমা শাসক অর্ডার দিয়েছেন। সেই অনুযায়ী আমি গঙ্গারামপুরের অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের মে মাসে গঙ্গারামপুর ব্লকের সিডিপিও রতনচন্দ্র বর্মনের পোস্টিং অর্ডার হয় আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে। গঙ্গারামপুরে আনা হয় হাওড়া জেলার বাগনান (২) ব্লক থেকে শাহিন খন্দকারকে। গঙ্গারামপুর ব্লকে সিডিপিও হিসেবে শাহিন কাজে যোগ দেন। কিন্তু শাহিনকে কাজের দায়িত্বভার ছাড়েননি রতন। তাঁর নতুন কর্মস্থল কালচিনিতেও কাজে যোগ দেননি। একই ব্লকে দুই সিডিপিও থেকে যাওয়ায় শুরু হয় দ্বন্দ্ব।
রতনকে মালদহের বামনগোলা পাঠানো হলেও শাহিনকে নিয়ে কী পদক্ষেপ নেয় প্রশাসন, সেটাই এখন দেখার।
সম্পর্কিত সংবাদ