সংবাদদাতা, কাঁথি: খাদ্যসুরক্ষা এবং গুণমান সম্পর্কে দীঘা-মন্দারমণির হোটেল-রেস্তরাঁর প্রতিনিধিদের সচেতন করতে এবার মাঠে নামল নন্দীগ্রাম স্বাস্থ্যজেলা খাদ্যসুরক্ষা দপ্তর। মঙ্গলবার দিনভর দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার প্রশাসনিক অফিসে (জাহাজবাড়ি) এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে দপ্তর। সেখানে দীঘা ও মন্দারমণির ১৪৭জন হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়ীকে খাদ্যসুরক্ষা এবং গুণমান নিয়ে ধারণা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন নন্দীগ্রাম স্বাস্থ্যজেলার খাদ্যসুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্না সহ অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, গত মাসে নন্দীগ্রাম খাদ্যসুরক্ষা বিভাগের একটি টিম ওল্ড দীঘা ও নিউ দীঘার ২৫টি হোটেলে অভিযান চালায়। প্রতিনিধিরা অভিযানে নেমে দেখেন, দীঘার নামকরা ঝাঁ-চকচকে হোটেল হলেও কেউই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করছেন না। এর মধ্যে অনেক হোটেল-রেস্তরাঁর ফুড লাইসেন্স পর্যন্ত নেই। হোটেলে যারা খাবার তৈরি কিংবা পরিবেশনের দায়িত্বে রয়েছেন, তাঁদের খাদ্যসুরক্ষা সম্পর্কে ন্যুনতম জ্ঞানই নেই। ওই হোটেলগুলির কর্তৃপক্ষকে সতর্কতামূলক নোটিস ধরানো হয়। খাদ্যসুরক্ষা ও গুণমান আইন অনুসারে যা যা ব্যবস্থা নেওয়া উচিত, তাঁদের এবিষয়ে সচেতন করা হয়। ওই অভিযানের পর দপ্তর জেলা প্রশাসনের কাছে একটি রিপোর্ট জমা দেয়। নন্দীগ্রাম স্বাস্থ্যজেলা খাদ্যসুরক্ষা আধিকারিক বলেন, জেলাশাসকের নির্দেশ মেনে এই শিবিরের আয়োজন করা হল। এই শিবিরের পরও যে সমস্ত হোটেল খাদ্যসুরক্ষা বিধি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি খাদ্যসুরক্ষা মেনে ব্যবসা করা হচ্ছে কি না, সেব্যাপারে দীঘা সহ পার্শ্ববর্তী অন্যান্য পর্যটন কেন্দ্র এলাকার হোটেলগুলিতে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হবে।



