সংবাদদাতা, নকশালবাড়ি: কোচবিহারের গৌরবময় ইতিহাস তুলে ধরে রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি নিয়ে রবিবার খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে হল দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উদাং দরবার। বংশীবদন বর্মনের নেতৃত্বে সভা হয়। সেখানে তিনি রাজবংশী সম্প্রদায়কে একত্রিত হওয়ার বার্তা দেন। অখণ্ড ভারত গড়তে কোচবিহারের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করা নিয়ে কোনও কথা নেই ভারত সরকারের, বলে ক্ষোভ প্রকাশ করেন বংশীবদন। সভায় ভারতভুক্তির চুক্তির প্রসঙ্গ তুলে সমস্ত রাজনৈতিক দলকে কটাক্ষ করেন। তাঁর কথায়, সংবিধান অনুযায়ী যে চুক্তি হয়েছিল, সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠায় যে রাজনৈতিক দল আমাদের সহায়তা করবে তাদের সঙ্গে আমাদের মিত্রতা থাকবে। রাজবংশী ভাষাকে মান্যতা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বাগডোগরা বিমানবন্দরের নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দরের নাম চিলা রায় নামে হোক। ১১ ডিসেম্বর বারোবিশায় রেল অবরোধের ডাক দিয়েছেন তিনি।



