Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়ি নদীর জল উপচে কাটোয়ায় বোরো ধান, পাট ও তিলের ক্ষতি

খড়ি নদীর জল উপচে কাটোয়ায় বোরো ধান, পাট ও তিলের ক্ষতি
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া ও কালনা: বৃষ্টিতে কাটোয়ায় খড়ি ও ব্রহ্মাণী নদীর জলে প্লাবিত হল বিঘার পর বিঘা বোরো ধানের জমি। কাটোয়া-১ ও ২ ব্লকের বেশ কয়েকটি অঞ্চল বিপর্যস্ত। জমিতে কলার ভেলা, কড়াইয়ে করে পাকা ধান ছেঁকে নৌকায় নিয়ে আসতে হচ্ছে। বিঘার পর বিঘার বোরো ধান জলের তলায় চলে গিয়েছে। অসময়ে জমি প্লাবিত হয়ে যাওয়ায় দিশেহারা চাষিরা। জলে ডুবেছে তিল ও পাটের জমিও। ক্ষয়ক্ষতির রিপোর্ট জেলা কৃষিদপ্তরে পাঠানো হয়েছে। কাটোয়া মহকুমা কৃষিদপ্তরের আধিকারিক প্রলয় ঘোষ বলেন, আমরা সরেজমিনে মাঠে গিয়ে পরিস্থিতি দেখে এসেছি। তারপর ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছি জেলায়।
কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, কাটোয়া মহকুমায় ৩৩হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছিল। তারমধ্যে কাটোয়া-১ ব্লকে ৫৭৫০ হেক্টর ও কাটোয়া -২ ব্লকে ৩৫৬০ হেক্টর জমিতে চাষ হয়েছিল। এরমধ্যে খড়ি নদীর জলে কাটোয়া-২ ব্লকে ২৪৫ হেক্টর জমির বোরো ধান প্লাবিত হয়েছে। কুয়ারাডাঙা, পলসোনা, দোনা, রোণ্ডা, শিলা, আউরিয়া, পাঁজোয়া, দরিয়াপুর সহ বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কাটোয়া-১ ব্লকে ব্রহ্মাণী নদীর জলে প্লাবিত হয়েছে ৬৮হেক্টর জমি। আলমপুর, অর্জুনডিহি, গাঁফুলিয়া, গোয়ালপাড়া, ভালশুনি এসব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, তিলের জমিও জলে ডুবেছে। কাটোয়া মহকুমাজুড়ে তিল লাগানো হয়েছে ৪২৯৫ হেক্টর জমিতে। তারমধ্যে কাটোয়া-১ ব্লকে ৬৮৫ হেক্টর ও কাটোয়া -২ ব্লকে ৬৬০ হেক্টর জমিতে তিল বোনা হয়েছিল। সব জলে ডুবে গিয়েছে। কৃষি বিশেষজ্ঞদের দাবি, তিল বেশি জল সহ্য করতে পারে না। জল না নামলে ক্ষতি হবে। 
সদ্য লাগানো পাটের জমিও জলের তলায় চলে গিয়েছে। কাটোয়া মহকুমায় এখনও পর্যন্ত ৭৭২ হেক্টর জমিতে পাট লাগানো হয়েছে। কাটোয়া-২ ব্লকে ৩৫০ হেক্টর ও কাটোয়া-১ ব্লকে ১৬৫ হেক্টর জমিতে পাট লাগানো হয়েছে। কৃষিদপ্তরের কর্তারা বলছেন, জল নেমে গেলে পাট আবার বোনা যাবে। কিন্তু তাতে চাষিদের দ্বিগুণ খরচ হবে। মন্তেশ্বরের বামনপাড়া পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়ও বোরো ধান, তিল ও পাট চাষে ক্ষতি হয়েছে। কৃষিদপ্তরের আধিকারিকরা সোমবার এলাকায় যান।  
কাটোয়ার কুরচি গ্রামের চাষি মিহির মাঝি বলেন, বোরো ধান জলে ডুবে শেষ হয়ে গিয়েছে। তিল লাগিয়েছিলাম, সেটাও শেষ হয়ে গিয়েছে। করজগ্রামের চাষি মীর মতাই, হারা শেখ বলেন, তিলের জমি জলে কোমর পর্যন্ত ডুবে গিয়েছে। শুধু গাছের মাথা দেখা যাচ্ছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়ি নদী মালডাঙা সেতুর নীচ দিয়ে কাটোয়া-২ ব্লকের পলসোনা অঞ্চলের শীলা, কুয়ারাডাঙা, রোণ্ডা হয়ে বয়ে গিয়েছে। ওইসব এলাকায় কয়েকশো বিঘা বোরো ধানের জমি কার্যত জলের তলায় চলে গিয়েছে। পলসোনা অঞ্চলের কুয়ারাডাঙা মৌজার নারচির খাল এলাকায় ধান জমি জলের তলায় চলে গিয়েছে। তিলের জমিরও একই অবস্থা। পাকা ধান বড় কড়াইয়ে করে ছেঁকে তুলে নৌকায় ভাসিয়ে রাস্তায় আনতে হচ্ছে।

Advertisement

(জলে ডুবে পাটখেত।-নিজস্ব চিত্র)

Advertisement
সম্পর্কিত সংবাদ