নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি হয়েছেন অজিত মাইতি। সভাপতি হিসেবে তাঁকে পেয়ে খুশি দলীয় নেতাদের একাংশ। নবনির্বাচিত জেলা সভাপতিকে সংবর্ধনা জানাল খড়্গপুর-২ ব্লক যুব তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন খড়্গপুর-২ ব্লক যুব তৃণমূলের সভাপতি বাপি ভক্তা, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখোপাধ্যায়, ব্লক তৃণমূলের সহ সভাপতি দেবরাজ দত্ত, পূর্ত কর্মাধ্যক্ষ নান্টু দোলই, মহিলা সভানেত্রী সোমা দেব সহ প্রথম সারির নেতারা। তৃণমূলের স্থানীয় নেতাদের কথায়, জেলার প্রতিটি ব্লকের সংগঠন তো বটেই। পার্শ্ববর্তী জেলা ঝাড়গ্রামের নেতারাও অজিতবাবুকে সংবর্ধনা দিয়েছেন। অজিতবাবু সভাপতি হওয়ার পর দলের সাংগঠনিক কাঠামো আরও মজবুত হবে বলে তাঁদের দাবি। একই সঙ্গে এখন থেকেই ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হচ্ছে। এতে আত্মবিশ্বাস বেড়েছে নেতা-কর্মীদের।
অজিতবাবু বলেন, দলের নেতারা যেভাবে পাশে দাঁড়াচ্ছেন তাতে আমি আপ্লুত। আমিও নেতা-কর্মী ও সাধারণ মানুষের পাশে থাকব। দলের নির্দেশ অনুসারে সাংগঠনিক কাঠামো আরও মজবুত করার চেষ্টা করব। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। তাই মানুষ আমাদের সঙ্গেই থাকবেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই জেলা সভাপতি পরিবর্তনের জল্পনা চলছিল। এরপর দলের তরফে জেলা সভাপতি হিসেবে অজিতবাবুর নাম ঘোষণার পরই উচ্ছ্বাস প্রকাশ করেন দলের নেতা-কর্মীদের একাংশ। জানা গিয়েছে, অজিতবাবু আগেও মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। তবে গত বিধানসভা ভোটের পর থেকে দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়েছিলেন। সম্প্রতি তাঁকে ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর-২ ব্লক যুব তৃণমূল নেতৃত্ব সারা বছর ধরেই নানা জনকল্যাণমূলক কর্মসূচি নেয়। নেতারা করোনা পরিস্থিতির সময় নিজেদের জীবন বাজি রেখে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। বাড়ি-বাড়ি খাবার, ওষুধ পৌঁছে দেওয়া হয়েছিল। খড়্গপুর-২ ব্লক যুব তৃণমূলের সভাপতি বাপি ভক্তা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া ও মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। দলীয়ভাবে সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। অজিতবাবু সবরকম সহযোগিতা করেন। পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎবাবু বলেন, আমাদের মূল মন্ত্র একতা। আমাদের সমস্ত নেতা-কর্মী সাধারণ মানুষের পাশে থাকেন।-নিজস্ব চিত্র