Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইউনিটি কাপে আজ প্রতিপক্ষ জামাইকা, লড়াকু ফুটবলে চোখ খালিদ-ব্রিগেডের

ইউনিটি কাপের প্রথম ম্যাচেই বাঘের মুখে ভারত। চার্লটনের দ্য ভ্যালি স্টেডিয়ামে খালিদ ব্রিগেডের প্রতিপক্ষ জামাইকা।

ইউনিটি কাপে আজ প্রতিপক্ষ জামাইকা, লড়াকু ফুটবলে চোখ খালিদ-ব্রিগেডের
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ইউনিটি কাপের প্রথম ম্যাচেই বাঘের মুখে ভারত। চার্লটনের দ্য ভ্যালি স্টেডিয়ামে খালিদ ব্রিগেডের প্রতিপক্ষ জামাইকা। ফিফা ক্রমতালিকায় ভারতের (১৩৬) চেয়ে অনেকটাই এগিয়ে তারা (৭১)। ইন্টার কনফেডারেশন প্লে-অফ ফাইনালে কঙ্গোর কাছে অপ্রত্যাশিতভাবে না হারলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশটি ড্যাংড্যাং করে বিশ্বকাপে পৌঁছে যেত। হতাশা কাটাতে ইউনিটি কাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া রুডলফ স্পেউডের দল। অন্যদিকে, কঠিন ম্যাচের আগে বেশ চাপে ব্লু টাইগার্স। শেষ মুহূর্তে লিস্টন, মনবীরদের ফিরিয়ে নিয়েছে মোহন বাগান। সেই ধাক্কায় রীতিমতো জেরবার খালিদ। জামাইকার বিরুদ্ধে নামার আগে স্কোয়াডে মাত্র ১৮ জন ফুটবলার রয়েছেন। তবে গুরপ্রীতরা হাল ছাড়তে নারাজ। সীমিত শক্তি নিয়েই লড়তে মরিয়া তারা। কোচ খালিদ জামিলের মন্তব্য, ‘ফুটবালরদের তাগিদই ভরসা। নিশ্চয়ই নিজেদের উজাড় করে দেবে ওরা।’ ইউনিটি কাপের অন্য খেলায় নাইজেরিয়ার মুখোমুখি হচ্ছে জিম্ববোয়ে। দু’টি ম্যাচের জয়ী দল ৩০ মে ফাইনাল খেলবে। পরাজিত দুই দল তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে মুখোমুখি হবে। 

Advertisement

আইএসএল শেষ হওয়ার পর সেভাবে প্রস্তুতির সুযোগ পাননি খালিদ। ফিটনেস সমস্যায় আশিক কুরুনিয়ানও নেই। শক্তি বুঝে আল্ট্রা-ডিফেন্সিভ ফর্মুলায় দল সাজাবেন মুম্বইকর কোচ। ৪-৫-১ ফর্মেশনে নিজেদের ডিফেন্সিভ থার্ড জমাট করাই লক্ষ্য। আপফ্রন্টে রায়ান উইলিয়ামস ও ছাংতেই ভরসা। জামাইকার বেশিরভাগ ফুটবলার ইউরোপিয়ান সার্কিটে খেলে অভ্যস্ত। শারীরিক সক্ষমতাও তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে, খালিদের রক্ষণের কাছে দুর্গরক্ষা কার্যত অ্যাসিড টেস্ট। ২০০২ সালে শেষবার জামাইকার মুখোমুখি হয়েছিল ভারত। সেবার ইংল্যান্ডের মাটিতে দু’টি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন বাইচুংরা। প্রথম খেলায় ০-৩ গোলে হারলেও পরের ম্যাচ গোলশূন্য ড্র হয়। এবার মান বাঁচানোই লক্ষ্য ব্লু টাইগার্সের।
এদিকে, আগামী ৫ ও ৯ জুন তাজাকিস্তানের বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ভারত। দু’টি ম্যাচেরই ভেন্যু তাজাকিস্তানের হিসরো স্টেডিয়াম। বুধবার ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ১২টায়। সম্প্রচার ফ্যানকোডে।

Advertisement
সম্পর্কিত সংবাদ