নয়াদিল্লি: এএফসি এশিয়া কাপের গ্রুপ পর্বে ২৭ নভেম্বর ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে খালিদ জামিল ব্রিগেড। বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ তাই নিছকই নিয়মরক্ষার। তার জন্য বুধবার ২৩ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন কোচ খালিদ। জুনিয়র ফুটবলারদের উপরেই আস্থা রেখেছেন তিনি। স্কোয়াডে নাম নেই সুনীল ছত্রীর। এছাড়াও ডাক পাননি মোহন বাগানের ফুটবলাররা। দলে সিনিয়র বলতে রয়েছেন কেবল গুরপ্রীত সিং ও সন্দেশ ঝিংগান। ফেডারেশন সূত্রের খবর, গুরুত্বহীন ম্যাচে জায়গা আটকে জুনিয়রদের সুযোগ নষ্ট করতে চান না সুনীল। তাই নিজেই সরে দাঁড়িয়েছেন।



