Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খুন করেই খালাসির দেহ ফেলা হয়েছিল লিলুয়ায়, শ্রীরামপুর থেকে ধৃত ট্রাকচালক

শুক্রবার লিলুয়ায় জাতীয় সড়কের ধারে জঞ্জালের স্তূপ থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় খুনের যোগ পেল পুলিস

খুন করেই খালাসির দেহ ফেলা হয়েছিল  লিলুয়ায়, শ্রীরামপুর থেকে ধৃত ট্রাকচালক
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার লিলুয়ায় জাতীয় সড়কের ধারে জঞ্জালের স্তূপ থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় খুনের যোগ পেল পুলিস। তদন্তে জানা গিয়েছে, ডায়মন্ডহারবারের বাসিন্দা পেশায় খালাসি মহম্মদ ওয়াইদুলকে তাঁরই গাড়ির চালক খুন করে কন্টেইনারবাহী ট্রাক নিয়ে চম্পট দিয়েছিল। তবে বেশিক্ষণ গা ঢাকা দিয়ে থাকতে পারেনি। শনিবার গভীর রাতে শ্রীরামপুর থানা এলাকা থেকে অভিযুক্ত গাড়িচালক শেখ ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিস। উদ্ধার করা হয়েছে ট্রাকটি।

Advertisement

শুক্রবার সকালে লিলুয়ায় ১১৬ জাতীয় সড়কের পাশে জয়পুর বিলের ধারে জঞ্জালের স্তূপ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার করে পুলিস। ওইদিন রাতে যুবকের পরিচয় জানা যায়। বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিস। তদন্তে জানা গিয়েছে, ধূলাগড় থেকে লিলুয়ার মাঝে জাতীয় সড়কেই ওয়াইদুলকে খুন করে ফিরোজ। সেই সময় ট্রাকে আরও এক ব্যক্তি উপস্থিত ছিল। খুনের পর জয়পুর বিলের কাছে দেহটি ফেলে দিয়ে ট্রাক নিয়ে শ্রীরামপুরের দিকে চলে যায় অভিযুক্ত। ওই কন্টেইনারে জাহাজ তৈরির সরঞ্জাম ছিল বলে জানা গিয়েছে। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে শ্রীরামপুর থানা এলাকার পিয়ারাপুর থেকে ফিরোজকে গ্রেপ্তার করে পুলিস। জানা গিয়েছে, প্রায় ৬০ লক্ষ টাকার সামগ্রী সহ কন্টেইনারবাহী ট্রাকটি লুট করার পরিকল্পনা ছিল চালক ফিরোজের। নিজের গ্রামের যুবক ওয়াইদুলকে খালাসি হিসেবে নিয়ে আসে সে। ট্রাক নিয়ে রওনা দেওয়ার পর টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বচসা হয়। সম্ভবত তার জেরেই খুন করা হয় ওয়াইদুলকে। হাওড়া সিটি পুলিসের এক আধিকারিক বলেন, ‘আদালত অভিযুক্তকে আটদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। ওই ট্রাকে থাকা অন্য এক অভিযুক্তের খোঁজ চলছে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ