Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রথযাত্রায় ক্রেতা টানতে আকর্ষণীয় ছাড় ঘোষণা খাগড়ার স্বর্ণ ব্যবসায়ীদের

রথযাত্রায় ক্রেতা টানতে আকর্ষণীয় ছাড় ঘোষণা খাগড়ার স্বর্ণ ব্যবসায়ীদের
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অভিষেক পাল , বহরমপুর: এক ভরি সোনার দাম ১লক্ষ ১০ হাজার টাকা। এই আকাশছোঁয়া দামের কারণে ক্রেতার দেখা একেবারেই মিলছে না। তাই রথযাত্রায় ক্রেতাদের দোকানমুখী করতে বহরমপুরের শতাব্দীপ্রাচীন খাগড়া মার্কেটের স্বর্ণ ব্যবসায়ীরা বিশেষ উদ্যোগ নিয়েছেন। রথ উপলক্ষ্যে বিভিন্ন গয়নার দোকানে সরাসরি সোনার গয়না কিংবা মজুরির উপর ১০-২০শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।

Advertisement

বিয়ের মরশুমে সোনা কিনতে গিয়ে চড়া দামের কারণে আমজনতা সমস্যায় পড়েছিলেন। এবার আকর্ষণীয় অফারে তাঁদের কিছুটা সুবিধা হবে। উল্টোরথ পর্যন্ত এই অফার চলবে। হরিহরপাড়া, বেলডাঙা, রঘুনাথগঞ্জ, কান্দি, লালবাগ, ডোমকলের বিভিন্ন বাজারে গয়নার দোকান রথযাত্রার আগে থেকে সাজিয়ে তোলা হয়েছে।
মুর্শিদাবাদ জেলা বুলিয়ান মার্চেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রাজীব ধর বলেন, সোনার গয়না কেনা কিছুটা কমেছে। আসলে একধাক্কায় দাম অনেকটা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি। তবে রথ উপলক্ষ্যে বিক্রি হবে বলে আমরা আশাবাদী। বিভিন্ন প্রতিষ্ঠান ১০-২০শতাংশ ছাড় ঘোষণা করেছে। ক্রেতাদের দোকানমুখী করতেই এই ছাড় দেওয়া হচ্ছে। এখন এক ভরি সোনার গয়না ১লক্ষ ১০হাজার টাকায় বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, গত দেড়-দু’মাসে দেখলাম, নতুন সোনা কেনার প্রবণতা কমেছে। বিয়ের মরশুমে বেশিরভাগ ক্রেতা সোনা এক্সচেঞ্জ করছেন। বাড়িতে থাকা পুরনো গয়না বদলে নতুন গয়না নিয়ে যাচ্ছেন। তাই আমরা হাল্কা ওজনের ফ্যান্সি গয়না তৈরিতে জোর দিয়েছি।বহরমপুরের বাসিন্দা পেশায় শিক্ষিকা মধুবন্তী মজুমদার বলেন, মেয়ের বিয়ের গয়না কিনতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে সোনার দাম বেড়েই চলেছে। তাই এখন সোনার গয়না কেনা মুশকিল। বিভিন্ন দোকানে ছাড় ঘোষণা করায় যদি কিছু সুবিধা হয়, তাই দোকানে এসেছি।
রঘুনাথগঞ্জের বাসিন্দা মুকুল শেখ বলেন, বিয়ের মরশুম শুরু হয়েছে। তবে সোনার দাম অনেক বেড়েছে। ১০গ্রাম গয়না সোনার দাম প্রায় ৯৫হাজার টাকা। সামনে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান আছে। উপায় নেই। তাই হাল্কা সোনার গয়না কিনতে হচ্ছে।
বেলডাঙার গয়না ব্যবসায়ী অমল ঘোষ বলেন, এক ভরি সোনার গয়নার দাম প্রায় ১লক্ষ ১০হাজার। এর উপর মজুরি ধরা হবে। আমরা রথ উপলক্ষ্যে মজুরিতে ২৫ শতাংশের বেশি ছাড় দিচ্ছি। আশা করি, এতে বিক্রি কিছুটা বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ