Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: কারও বাড়ির টিনের চাল দিয়ে জল পড়ে। কারও বাড়ির দেওয়াল প্রায় ভাঙা। অভিযোগ, সমীক্ষার পরও অযোগ্যদের নাম রয়েছে ঘরের তালিকায়। পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ভাই থেকে শুরু করে আত্মীয়দের। শুক্রবার দুপুরে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান রাজিব খান ও আবাসের সমীক্ষায় যুক্ত সরকারি কর্মীদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন শিমুলিয়া পাঠানপাড়ার তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ। যদিও প্রধান রাজিব খানের দাবি, সমীক্ষায় গ্রাম পঞ্চায়েতের কোনও হাত নেই। প্রশাসনের আধিকারিকরা সার্ভে করেছেন। 
Advertisement
সমীক্ষার পর সম্প্রতি আবাসের খসড়া তালিকা বেরিয়েছে। বাড়ির অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও শিমুলিয়া পাঠানপাড়ার অনেকের নাম নতুন তালিকায় আসেনি বলে অভিযোগ। বিক্ষুব্ধদের বক্তব্য, নতুন করে আবেদনের পরেও তাঁদের ক্ষেত্রে সঠিক বিচার হচ্ছে না। 
মজবুল বেওয়ার অভিযোগ, ৪০ বছর আগে আমার স্বামীর মৃত্যু হয়েছে। ছেলেমেয়ে কেউ নেই। ভিক্ষা করে খাই। নড়বড়ে কাঁচা বাড়িতে একাই থাকি। আবাসের তালিকায় আমার নাম ছিল। দু’বার সমীক্ষার পরও তালিকা থেকে আমার নামটি বাদ দিয়েছে। যাঁরা টাকা দিতে পেরেছে, তাঁদের নাম তালিকায় এসেছে। আমি দিতে পারিনি বলে আসেনি। একই বক্তব্য জয়নব নেশা, ফিরদৌসী পারভিন ও নুরজাহান বিবিদের। 
তৃণমূলের যুব নেতা জেমস রেজবির অভিযোগ, বরুই গ্রাম পঞ্চায়েত প্রধান কংগ্রেসের হওয়ায় তৃণমূল কর্মীদের নামগুলি বাদ গিয়েছে। যোগ্যদের নাম তালিকায় তোলা নাহলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাব। হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, যোগ্যদের নাম তালিকা থেকে কীভাবে বাদ গেল, তা খোঁজ নিয়ে দেখব।
সম্পর্কিত সংবাদ