সংবাদদাতা, পুরুলিয়া: জেলা কংগ্রেস সেবাদলের সভাপতি সহ অন্যান্যদের উদ্দাম নাচের ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ল কংগ্রেস নেতৃত্ব। ছাত্র পরিষদের এক নেতা ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেতৃত্বের প্রতি তীব্র কটাক্ষ করেছেন (যদি ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান পত্রিকা)। দলীয় কর্মসূচিতে এ ধরনের উদ্দাম নাচ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে গিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
Advertisement
প্রসঙ্গত, সম্প্রতি সর্বোদয় সংকল্প শিবির নামে একটি কর্মসূচি হয় পুরুলিয়া শহরে। জেলা কংগ্রেসের সেবাদল ওই কর্মসূচি পালনের দায়িত্বে ছিল। এআইসিসির প্রশিক্ষক থেকে শুরু করে কংগ্রেসের সেবাদলের রাজ্য নেতারা ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সোমবার কর্মসূচিটি শেষ হয়। ওইদিনই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়। ছাত্র পরিষদের এক নেতা ওই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, পুরুলিয়া জেলাতে কংগ্রেস কর্মীরা জীবন বাজি রেখে নিঃস্বার্থভাবে আদর্শের সঙ্গে দলটা করেন। সেখানে সেবাদলের গান্ধীজি নামের কর্মসূচিতে ‘রঙ্গবতী রঙ্গবতী’ গানে উদ্দাম নৃত্য চলছে। এভাবে জেলা কংগ্রেসকে বদনাম করার চক্রান্ত চলছে। সেই পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। যদি ওই নাচের মধ্যে খারাপ কিছু দেখছেন না কংগ্রেসের সেবাদলের পুরুলিয়া জেলার সভাপতি পার্থ দাস। তিনি বলেন, ভালোভাবেই সেবাদলের প্রশিক্ষণ শিবিরটি সম্পন্ন হয়েছে। তাই ওই শিবির দেখে অনেকের সহ্য হচ্ছে না। শুধুমাত্র আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য ভিডিও ভাইরাল করা হয়েছে। প্রশিক্ষণ শিবিরের শেষে অনেকেই কবিতা বলছিলেন, কেউ গান করেছেন, কেউ আবার নাচ করেছেন। এটা প্রশিক্ষণ শিবিরের কোনও কর্মসূচি নয়। ব্যক্তিগতভাবেই রিফ্রেস হওয়ার জন্যই যে যার মতো করে আনন্দ করেছেন। ব্যক্তিগত ওই আনন্দকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কেউ কেউ মজা পাচ্ছেন। কংগ্রেস দলে একে একে অপরকে বদনাম করার পুরানো অভ্যাস রয়েছে। অনেকেই নতুন প্রজন্মের হয়েও সেই অভ্যাস থেকে বের হতে পারছেন না।



