নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুর পুরসভা পরিচালিত দু’টি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ওই দুই শিক্ষিকা কংগ্রেস কর্মী বলেই তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি অধীর চৌধুরীর। তাঁর অভিযোগ, বহরমপুর পুরসভা বরাবরই প্রতিহিংসামূলক রাজনীতি করে। এক্ষেত্রেও পুরসভা কাপুরুষের মতো কাজ করল। যদিও পাল্টা তৃণমূলের দাবি, এই ধরনের স্পর্শকাতর মামলায় তদন্ত ও আইনি প্রক্রিয়ার উপর ভরসা রাখা উচিত। বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অধীরবাবু বলেন, ওই দুই বোনের অপরাধ হয়েছিল যে, ওঁরা গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের বুথ এজেন্ট হয়েছিলেন। মিউনিসিপ্যালিটিতে চাকরি করে কংগ্রেস দলের বুথ এজেন্ট হওয়ার অপরাধে তাঁদের মাইনে বন্ধ করে দেওয়া হয়। পুরসভার কাছে মাইনের দাবি করলে তাঁদের নানা রকমের প্রস্তাব দেওয়া হয়। তাঁরা সেই প্রস্তাবে রাজি হননি। তাঁরা সম্মানের সঙ্গে ও মর্যাদার সঙ্গে বাঁচতে চেয়েছিলেন। নিরুপায় হয়ে মাইনে পাওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সাধারণ দুই কর্মচারীর এত হিম্মত পুরসভার পছন্দ হয়নি। সেই হিম্মতকে ভেঙে চুরমার করার জন্য মিথ্যা পকসো কেসে ফাঁসানো হয়েছে।



