নয়াদিল্লি: দলের সঙ্গে কংগ্রেস সাংসদ শশী থারুরের টানাপোড়েন বেড়েই চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের প্রশংসা করেছিলেন তিরুবনন্তপুরমের সাংসদ। শুধু তাই নয়, কেরলের বাম সরকারেরও তারিফ শোনা গিয়েছিল থারুরের গলায়। একইসঙ্গে কেরলে কংগ্রেসে একজন নেতার অভাব থাকার বিষয়টিও তুলে ধরেছিলেন তিনি। তাঁর এধরনের মন্তব্য যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে কংগ্রেসকে। দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকও হয়েছে তাঁর। এরইমধ্যে থারুর বলেছেন, কংগ্রেসের যদি তাঁকে প্রয়োজন না থাকে, তাহলে তাঁর অন্য অনেক কিছু করার রয়েছে। তাঁর এই মন্তব্যে দলের সঙ্গে দূরত্ব বাড়ার বিষয়টি সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। থারুর বলেছেন, ‘কংগ্রেস আমাকে চাইলে আমি দলের জন্য সবসময়ই আছি। তা নাহলে আমার অনেক কিছু করার রয়েছে। আমার লেখালেখি, বক্তৃতা দেওয়ার মতো অনেক কাজ রয়েছে।’ তবে দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন থারুর।



