সংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রামে বাইক নিয়ে বাড়ির সামনে স্টান্টবাজির প্রতিবাদ করায় শনিবার দুপুরে ছেলের বন্ধুদের হাতেই আক্রান্ত হলেন গৃহবধূ। মারধরের জেরে তিনি সংজ্ঞা হারান। বিলকিস বিবি নামে ওই বধূকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, পাশের পাড়ায় দামি বাইক নিয়ে স্টান্টবাজি করতে গিয়েছিলেন আক্রান্ত বধূর ছেলে। পাড়ার দাপট দেখাতে পাল্টা বন্ধুরাও বাইক নিয়ে এসে ওই যুবকের বাড়ির সামনেও স্টান্টবাজি করে। তারই প্রতিবাদ করেন মা।
কেতুগ্রাম-২ ব্লকের মৌগ্রাম পঞ্চায়েতের নতুনগ্রামে যুবকদের একাংশ বাইকে স্টান্টবাজিতে মাতছেন। বিলকিস বিবির একমাত্র ছেলে ইকবাল শেখ দামি বাইক কেনার নেশায় পড়াশোনা ছেড়ে দিয়ে হায়দরাবাদে কাজে গিয়েছিল। সেখান থেকে ফিরে দেড় লক্ষ টাকা দামের একটি বাইক কিনেছিল। সেটাই কাল হল তার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ইকবাল তার দামি বাইকটি নিয়ে পাশের পাড়ার বন্ধুদের দেখাতে যায়। সেখানে স্টান্টবাজিও করে। তার কিছুক্ষণ পরই পাল্টা ইকবালের বাড়ির সামনে এসে স্টান্টবাজি করা হয়। বাইকের তীব্র আওয়াজ সহ্য করতে না পেরে ছুটে আসেন ইকবালের মা বিলকিস বিবি। তিনি প্রতিবাদ করায় বাইক থেকে নেমে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিলকিসকে ছাড়াতে গেলে তাঁদের পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধর করা হয়। কাটোয়া মহকুমা হাসপাতালে মা-কে চিকিৎসা করাতে নিয়ে এসে ইকবাল বলেন, আমি নতুন বাইক নিয়ে অন্য পাড়ায় গিয়েছিলাম। আমার বাইকের আওয়াজটা একটু বেশি ছিল। কিন্তু ওই পাড়ার বন্ধুরা আমার বাড়ির সামনে এসে কেরামতি দেখায়। আমার মা প্রতিবাদ করায় মারধর করেছে। কেতুগ্রাম থানায় পুলিসকে সব জানিয়েছি। পুলিস জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।