নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহারাজের ক্লাসে মহারাজ! না, জটিল কোনও ধাঁধা নয়। মঙ্গলবার বিকেলে ইডেন সাক্ষী থাকল এমনই মুহূর্তের। বিকেল সাড়ে চারটে নাগাদ পিচ দেখে ফিরছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ততক্ষণে দক্ষিণ আফ্রিকার প্র্যাকটিস শেষ। খেলোয়াড়রা ড্রেসিং-রুমে। এমন সময়ই বেরলেন কেশব মহারাজ। গন্তব্য সৌরভের দিকে। প্রথমে হাত মেলানো। তারপর বেহালার ‘মহারাজ’ মাঠেই নিলেন প্রোটিয়া স্পিনারের ক্লাস। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস নিয়েছে কেশবকে। সেই দলের কোচ সৌরভ। বোঝাই যাচ্ছিল, কোচকে কাছে পেয়ে বোলিং ক্ষুরধার করার টিপসই নিচ্ছেন কেশব। হাতের অঙ্গভঙ্গিতে সেটাই স্পষ্ট।
কেশবের পর সৌরভের ক্লাসে এলেন ডিওয়াল্ড ব্রেভিস। হ্যাঁ, ইনিও প্রিটোরিয়া ক্যাপিটালসের ক্রিকেটার। অন্ধকার নেমে আসছে। মাঠ ছেড়ে দু’জনে চলে এলেন লনে। এই ক্লাসটাও চলল লম্বা। ব্রেভিসের অবশ্য ইডেনে খেলা নিশ্চিত নয়। পাকিস্তানে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে তাঁর ব্যাটে রান আসেনি। অধিনায়ক তেম্বা বাভুমার চোট সারিয়ে ফেরা তাই কাড়তেই পারে ব্রেভিসের জায়গা।
এদিন ইডেনে ভারতের স্পিন তাসকে ভোঁতা করার প্রস্তুতিতে ঘাম ঝরালেন প্রোটিয়ারা। স্থানীয় স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক শটের মহড়ায় মাতলেন তাঁরা। বুধবার নেটে আরও বেশি স্পিনার চেয়েছেন বাভুমা। কেশবের সঙ্গে আরও দুই স্পিনার সাইমন হার্মার ও সেনুরান মুথুস্বামীকে নেটে অক্লান্ত দেখাল। পাশাপাশি কাগিসো রাবাডা, মার্কো জানসেন, উইয়ান মুল্ডারদের উৎসাহ জোগাল প্র্যাকটিস পিচের বাউন্স।
২০০০ সালেই একমাত্র এদেশে টেস্ট সিরিজ জিতেছে প্রোটিয়ারা। এবার সেজন্য মরিয়া তারা। ইডেনে পা রেখেই কোচ শুকরি কনরাডের পিচ দেখতে ছোটাতেই তা প্রতিফলিত।