Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

পুজোর মাসে রেশনে দাম অপরিবর্তিত কেরোসিনের

অনেক টানাপোড়েন চলেছে। অবশেষে অক্টোবরে পুজোর মাসে রেশনে কেরোসিনের দাম বাড়ল না। অর্থাৎ দাম অপরিবর্তিত রাখা গিয়েছে।

পুজোর মাসে রেশনে দাম অপরিবর্তিত কেরোসিনের
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনেক টানাপোড়েন চলেছে। অবশেষে অক্টোবরে পুজোর মাসে রেশনে কেরোসিনের দাম বাড়ল না। অর্থাৎ দাম অপরিবর্তিত রাখা গিয়েছে। তবে এই মূল্যবৃদ্ধি কতদিন আটকে রাখা যাবে তা নিয়ে বিভিন্ন মহলে সংশয় আছে। 

Advertisement

কারণ কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক গত মাস থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে রেশনের কেরোসিনের উপর মাসে ১০ শতাংশ পর্যন্ত ইস্যু প্রাইস বাড়ানোর অনুমতি দেয়। তার জেরে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে লিটারে ৬  টাকা দাম বাড়ে। এরপর কেরোসিন ডিলারদের রাজ্য সংস্থা এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দেয়। বিশেষ সূত্রে জানা গিয়েছে, এরপর পেট্রলিয়াম মন্ত্রক থেকে অক্টোবরে দাম না বাড়ানোর জন্য তেল সংস্থাগুলিকে ‘পরামর্শ’ দেওয়া হয়। কিন্তু তারপরও একটি তেল সংস্থা ফের ৭ টাকা দাম বাড়িয়ে ইস্যু প্রাইস ঘোষণা করে দেয়। অন্য একটি সংস্থা তা করেনি। এর জেরে জটিলতা তৈরি হয়। ইস্যু প্রাইসের ভিত্তিতে রাজ্য খাদ্যদপ্তর অক্টোবরে রেশনের কেরোসিনের বিক্রয় মূল্য ঘোষণা করতে গিয়ে থমকে যায়। যে সংস্থাটি বর্ধিত দাম ঘোষণা করেছিল, তারাও জানিয়েছে, সেপ্টেম্বরের দামই অক্টোবরে চলবে। ডিলারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি  দাম কমানোর আরজিও জানিয়েছেন। সরকার বিষয়টি দেখবে বলেই তাঁদের আশা।

Advertisement
সম্পর্কিত সংবাদ