কেরলের ওনাম, রথের কথকতা, নানা থিম চন্দননগর-রিষড়ায়
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দেবী হৈমন্তিকার আগমনকে কেন্দ্র করে সাজতে শুরু করেছে চন্দননগর। আলোর মায়া থেকে থিমের দাপট, ইতিমধ্যেই গমগম করতে শুরু করেছে গঙ্গাপাড়ের সাবেক ফরাসি কলোনি।  চন্দননগর-ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো মানেই নানান থিমের বাহার আর বিশ্বখ্যাত আলোকসজ্জার ইন্দ্রজাল। ২০২৬ সালেও সেই ঐতিহ্যের ব্যতিক্রম হচ্ছে না। থিম নিয়ে চিরকালীন লুকোচুরি আর প্রতিযোগিতার আবহের মধ্যেই মণ্ডপ আকার নিতে শুরু করেছে। অবয়ব ধরে উঠছে বিরাট বিরাট প্রতিমা। সমান্তরালে প্রস্তুতি চলছে রিষড়াতেও। হুগলির নতুন জগদ্ধাত্রী নগরীতেও থিম নিয়ে পরীক্ষানিরীক্ষা আর সাজের অনন্ত বাহার এবার দেখা যাবে। ১৫ তারিখ ষষ্ঠী। তার আগে গঙ্গাপাড়ে এখন শুধুই যুদ্ধকালীন তৎপরতা।

Advertisement

চন্দননগরের উত্তরাঞ্চলের এবার হীরকজয়ন্তী বর্ষের পুজো। ফলে হীরের দীপ্তিতে চোখধাঁধানো আয়োজনে মেতেছেন উদ্যোক্তারা। উত্তরাঞ্চলের পুজো ময়দানে এবার একটুকরো কেরলকে দেখতে পাওয়া যাবে। আরও ভালো করে বললে, কেরলের ওনাম উৎসবই এবার উত্তরাঞ্চলের থিম। সদ্য ওনাম পরব পার করেছে কেরল। কিন্তু বাংলার গঙ্গাপাড়ের উত্তরাঞ্চলের মণ্ডপে এলে তা আরও একবার ঘুরে দেখা যাবে।  শুধু ঘুরে দেখাই নয়, উপভোগও করা যাবে। করীন্দ্রাসুর বধকারী দেবী জগদ্ধাত্রী যেমন মণ্ডপে সাবেক সজ্জায় থাকবেন তেমনই তাঁর সামনের চাতালে অনুষ্ঠিত হবে ওনাম উৎসব। উৎসবকে আক্ষরিক করে তুলতে কেরল থেকে ওনাম নৃত্য ও বাদ্যের দলকে আনা হচ্ছে। তাঁরাই পুজোমণ্ডপ মাতিয়ে রাখবে। এখানেই শেষ নয়, ওনাম উৎসবে হাতি থাকে। উত্তরাঞ্চলের মণ্ডপেও প্রায় জীবন্ত সিলিকনের হাতি থাকবে। হীরকজয়ন্তী বর্ষের পুজোতে দেবী হৈমন্তিকাকে হীরের সাজে সাজিয়ে তোলা হবে। থাকবে জারদৌসি সূচিশিল্পের প্রকাশ। দেবীর সঙ্গে থিমের প্রয়োজনে রাখা হচ্ছে পদ্মনাভ মন্দিরের বিষ্ণুমূর্তি আর বিষ্ণুর বামন অবতারের বিক্ষিপ্ত দৃশ্য। পুজো উদ্যোক্তা মোহিত নন্দী বলেন, আলোকসজ্জাও হবে থিমের সঙ্গে মানানসই। পুজোর পরতে পরতে চমকের আয়োজন থাকবে।
অন্যদিকে রিষড়ার মোড়পুকুর সর্বজনীন ৫০ বছর পূর্তিতে থিমের বর্ণময় ঝলক দেখাতে চাইছে। বাঙালি আর রথযাত্রার সম্পর্ক অন্তহীন। সেই সূত্র ধরেই মোড়পুকুরের আয়োজন, ‘বঙ্গের রথকথা’। মাহেশ থেকে মহিষাদল, গুপ্তিপাড়া থেকে নাড়াজোল, বাংলার একগুচ্ছ বিখ্যাত রথের আদল সামনে রেখে মণ্ডপ ও মণ্ডপসজ্জা হচ্ছে। তবে শুধু আদল নয়, পুরোদস্তুর ইতিহাস, ভূগোল থেকে রথের নির্মাণ শিল্পকেও মণ্ডপে থিমের বাহারি আয়োজনে হাজির করা হচ্ছে। থাকবে রথ ও নাগরিক জীবনের মেলবন্ধনের এক অনন্য ধারাকথন। রথ মানেই প্রবাহ। জনজীবন আর রথের শুরু থেকে বর্তমান সময় অবধি প্রবাহকেও মননশীল আঙ্গিকে মণ্ডপসজ্জায় ধরা হয়েছে। সবমিলিয়ে বাংলার রথের এক অভিনব মিউজিয়াম গড়ে তুলতে চাইছে উদ্যোক্তারা। দেবী হৈমন্তিকা এখানে রথের উপরেই বিরাজমান হবেন। পুজো উদ্যোক্তা অসিত কুণ্ডু বলেন, আলোকসজ্জা থিমকে অনুসরণ করে করা হচ্ছে। রথ মানে সমন্বয়, রথ মানে এক বর্ণময় প্রবাহ। তারই চমকদার ধারাকথন মোড়পুকুর এবারে তুলে ধরছে।
প্রতিটি মণ্ডপে এখন শেষবেলার প্রস্তুতি ঘিরে সাজসাজ রব। সাজানোর সেই বাহারি আয়োজনে সেজে উঠছে চন্দননগর-ভদ্রেশ্বর থেকে রিষড়া। হৈমন্তিকার আসন পাতা সারা, অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার।