তিরুবনন্তপুরম: বিতর্ক পিছু ছাড়ছে না কেরলের কংগ্রেস বিধায়ক রাহুল মামকুতাথিলের। এবার তাঁর বিরুদ্ধে এক মহিলার গর্ভপাত করানো এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার পালাক্কাড়ের বিধায়ক ও এক অজ্ঞাত পরিচয় মহিলার কথোপকথনের চার মিনিট ৯ সেকেন্ডের একটি অডিও ক্লিপ (যদিও ওই অডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) সামনে এসেছে। অভিযোগ, কথাবার্তার সময় ওই বিধায়ককে মহিলাকে হুমকি দেন। কংগ্রেস নেতাকে বলতে শোনা যায়, ‘তোমাকে মারতে আমার কয়েক সেকেন্ড সময় লাগবে। মহিলা তখন পাল্টা প্রশ্ন করেন, ‘আমাকে সরিয়ে দেওয়ার মানে কি? তখন কংগ্রেস বিধায়ক বলেন, তুমি জানো না, আমি রেগে গেলে কী হতে পারে?’ অডিও ক্লিপের শুরুতে ওই মহিলা অন্তঃসত্ত্বা হলে নিজের রাজনৈতিক কেরিয়ার নিয়ে আশঙ্কা প্রকাশ করতে শোনা যায় মামকুতাথিলকে। ইতিমধ্যেই এক অভিনেত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ ঘিরে চাপের মুখে পড়েছেন মামকুতাথিল। বিতর্কে জেরে কেরল যুব কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সম্প্রতি এক মালয়ালি অভিনেত্রী অভিযোগ করেন, তিন বছর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করেন কংগ্রেসের এক যুবনেতা। তারপর থেকে অশ্লীল বার্তা, হোটেলে দেখা করার প্রস্তাব দিতে থাকেন। অভিনেত্রীর দাবি, অভিযোগ জানানো সত্ত্বেও কংগ্রেস নেতৃত্ব ব্যবস্থা নেয়নি। এরপরই মাঠে নেমে পড়ে বিজেপি ও সিপিএম। গত বৃহস্পতিবার ইস্তফা দিতে বাধ্য হন ওই যুবনেতা।



