Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কদমকানন লেভেল ক্রসিংয়ে নিত্যদিন দুর্ভোগ, রেল জানাল, ওভারব্রিজ হবে

কদমকানন লেভেল ক্রসিংয়ে নিত্যদিন দুর্ভোগ, রেল জানাল, ওভারব্রিজ হবে
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম শহরের কদমকানন লেভেল ক্রসিংয়ে নিত্যদিন দুর্ভোগ চলছেই। দিনের ব্যস্ত সময়ে বাসিন্দারা যানজটে জেরবার হচ্ছেন। ট্রেন এলেই সারি সারি দাঁড়িয়ে পড়ছে যানবাহন। ঝুঁকি নিয়েই লেভেল ক্রসিং পারাপার চলছে। ওভার ব্রিজের দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে। দক্ষিণপূর্ব রেলের খড়্গপুর ডিভিশনাল ম্যানেজার অলোক কৃষ্ণা এদিন বলেন, কদমকানন লেভেল ক্রসিংয়ে ওভার ব্রিজ তৈরি করা হবে। প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে। বর্তমানে রেলের হেডকোয়ার্টার কনস্ট্রাকশন বিভাগ বিষয়টি দেখছে। প্রকল্পটির বাস্তবায়নের কাজ ধাপে ধাপে শুরু হবে। ঝাড়গ্রাম শহরের যানজট কমাতে তিনটি লেভেল ক্রসিংয়ে ওভার ব্রিজের দাবি ছিল।শহরের ৫ নম্বর রাজ্য সড়কের ওপর ফ্লাইওভার তৈরি করা হয়েছে। যার জেরে শহরের পশ্চিম দিকে যানজট অনেকটাই কমেছে।
Advertisement
পূর্ব দিকে যানজটের সমস্যা উত্তরোত্তর বাড়ছে। শহরের ১,২ নম্বর ওয়ার্ড ছাড়াও রাধানগর ও বাঁধগড়া গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা কদমকানন লেভেল ক্রসিং  দিয়ে যাতায়াত করেন। ট্রেন ও মালগাড়ি ঘনঘন যাতায়াত করায় লেভেল ক্রসিংয়েনিত্যদিন যানজট তৈরি হচ্ছে। কেন্দ্রের রেল মন্ত্রক সমস্ত লেভেল ক্রসিং তুলে ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে। খড়্গপুর রেল ডিভিশনের মধ্যে কলাইকুন্ডা ও গিধনিতে ইতিমধ্যেই আন্ডার পাস তৈরি করা হয়েছে। যদিও জেলা  শহরের গুরুত্বপূর্ণ এলাকা কদমকানন মোড়ে এখনও কাজ শুরু করা যায়নি। 
পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন কর্মকার বলেন, লেভেল ক্রসিং পার হতে গিয়ে নিত্যদিন ভোগান্তির মধ্যে পড়তে হয়। লেভেল ক্রসিংয়েগেট পড়ে গেলে অন্তত মিনিট কুড়ি অপেক্ষা করতে হয়। গন্তব্যস্থলে পৌঁছতে দেরি হয়ে যায়। ট্রেন চলাচলের সময় অসুস্থ ব্যক্তিদের নিয়ে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে পড়ে। বছরের পর বছর শহর এলাকার বাসিন্দাদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। অপর বাসিন্দা ইন্দ্রজিৎ দাস বলেন, কদমকানন লেভেল ক্রসিংয়ে দীর্ঘদিন ধরে ওভার ব্রিজ তৈরি হওয়ার কথা শুনছি। এখনও পর্যন্ত কোনও কাজ হতে দেখলাম না। এদিকে যানজট বাড়ায় যাতায়াত করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।  পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন,শহরের যানজট কমাতে কদমকানন এলাকায় ওভারব্রিজ জরুরি। জেলা প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আমদের বৈঠকও হয়েছে। শহরের বাসিন্দাদের স্বার্থে আমরাও চাইছি রেল দ্রুত কাজ শুরু হোক। জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, কদমকানন লেভেল ক্রসিংয়ে উড়ালপুল বা আন্ডারপাস তৈরির প্রস্তাব রেলদপ্তরের কাছে পাঠানো হয়েছে। রেলের তরফে এলাকায় সার্ভেও করাহয়েছে। কাজ শুরুর বিষয়ে রেলের তরফে আমাদের এখনও কিছু জানানো হয়নি।
সম্পর্কিত সংবাদ