Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারের গলিপথ পেভার ব্লকে মুড়তে বরাদ্দ ৬ কোটি টাকা

কোচবিহারের গলিপথ পেভার ব্লকে মুড়তে বরাদ্দ ৬ কোটি টাকা
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসেবে ধাপে ধাপে গড়ে তোলার কাজ চলছে। কিন্তু বেহাল রাস্তা, নিকাশি, জল জমা, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পর্যাপ্ত পথবাতি না থাকা, যানজট সহ বহু সমস্যায় দীর্ণ এই শহর। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হল শহরের বেহাল রাস্তা। শহরেই প্রধান রাস্তাগুলি পূর্তদপ্তরের অধীনে। ফলে সেই রাস্তাগুলি নিয়ে খুবএকটা সমস্যা নেই। কিন্তু শহরের ২০টি ওয়ার্ডের ভিতরে থাকা ছোট ছোট বহু পথ রয়েছে যেগুলি বেহাল। এবার সেই রাস্তাগুলিই সংস্কার করবে পুরসভা। এর জন্য প্রায় ছ’কোটি টাকা খরচ হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সবক’টি ওয়ার্ড মিলিয়ে ৬০টিরও বেশি রাস্তা তৈরি হবে। এ সমস্ত রাস্তা করা হবে পেভার ব্লকের। 
Advertisement
হেরিটেজের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা ও টেকসই রাস্তা নির্মাণের লক্ষ্যেই পেভার ব্লকের রাস্তা নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই এই কাজের টেন্ডার হয়ে গিয়েছে। আজ, সোমবার থেকেই একেএকে রাস্তাগুলি নির্মাণের কাজের সূচনা করা হবে। পুর ও নগরোন্নয়ন দপ্তর ওই ছ’কোটি টাকা দিয়েছে। দ্রুত কাজ শেষ করার উপরেও জোর দিচ্ছে কোচবিহার পুরসভা। 
পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, প্রায় ছ’কোটি টাকা পেয়েছি। ওয়ার্ডে ওয়ার্ডে পেভার ব্লকের রাস্তা ওই টাকায় করা হবে। সোমবার থেকে আমরা কাজের সূচনা করব। 
কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় বর্ষাকালে জল জমে। এতে বাসিন্দাদের দুর্ভোগ চরমে ওঠে। তাছাড়া খানাখন্দে ভরা রাস্তার কারণে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। এদিকে, শহরের প্রাণকেন্দ্র সাগরদিঘি, বৈরাগী দিঘি সহ একাধিক দিঘির সৌন্দর্যায়নের কাজ চলছে। অথচ শহরে পূর্তদপ্তরের রক্ষণাবেক্ষণের বাইরে বহু রাস্তা অনেকদিন ধরেই বেহাল হয়ে আছে। যা নিয়ে বাসিন্দাদের মনে জমছে ক্ষোভ। এই পরিস্থিতিতে ওয়ার্ডে ওয়ার্ডে পেভার ব্লকের রাস্তা নির্মাণের কাজ শেষ হলে এবং নিকাশি নালাগুলি সাফাই করা হলে আগামী বর্ষায় দুর্ভোগ কমবে অনেকটাই, দাবি পুরসভার।
সম্পর্কিত সংবাদ