Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারজুড়ে শীতকালীন পেঁয়াজ চাষের এলাকা বৃদ্ধিতে অনুদান, শুরু আবেদন গ্রহণ

কোচবিহারজুড়ে শীতকালীন পেঁয়াজ চাষের এলাকা বৃদ্ধিতে অনুদান, শুরু আবেদন গ্রহণ
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দেওয়ানহাট: কোচবিহার জেলায় পেঁয়াজ চাষের এলাকা বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে উদ্যানপালন দপ্তর। শীতকালীন পেঁয়াজ উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়াতে বিঘা প্রতি চার হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই দপ্তর জেলার জেলার পেঁয়াজ চাষিদের কাছ থেকে এই অনুদান দেওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে। 
Advertisement
জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আগ্রহী চাষিরা ওই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যে‌ই কোচবিহার জেলার অনেক কৃষকই পেঁয়াজ চাষের জন্য অনুদান চেয়ে আবেদনপত্র জমাও দিয়েছেন। শীতকালীন পেঁয়াজ চাষে আগ্রহী অনেক চাষিও জেলা উদ্যানপালন দপ্তরে যোগাযোগ করতে শুরু করেছেন। 
কোচবিহার জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় এখনও পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৮৫০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। এতে প্রায় সাড়ে ১৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। যা চাহিদার তুলনায় খুবই নগণ্য। ফলে জেলায় পেঁয়াজের চাহিদা মেটানোর জন্য বাইরে থেকে প্রচুর পরিমাণে আমদানি করতে হয়। ফলে অনেক সময় পেঁয়াজের দাম বেড়ে যায়। জেলায় যাতে পেঁয়াজের উৎপাদন বাড়ানো যায় এবং নতুন কৃষকদের যাতে পেঁয়াজ চাষে আগ্রহ তৈরি করা যায়, সেজন্যই কৃষকদের চাষে সহযোগিতা করতে সরকারিভাবে এই অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেইসঙ্গে পেঁয়াজ চাষের জন্য কৃষকদের নিয়মিত পরামর্শও মিলবে উদ্যানপালন দপ্তর থেকে। 
তুফানগঞ্জের চাষি রফিক মিয়াঁ, আলম হোসেন বলেন, গতবছর প্রথমবার পেঁয়াজ চাষ করেছিলাম। প্রথমবার চাষ করায় কিছু অসুবিধা হয়েছিল। বিশেষ করে সময় নির্বাচনের ক্ষেত্রে। বাজারে পেঁয়াজের দাম এখন অনেক। স্থির করেছি, এবারও চাষ করব। এই অনুদানের ফলে আরও অনেকে পেঁয়াজ চাষে আগ্রহী হবেন। পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভালো হয়। 
কোচবিহারের সহকারী উদ্যান পালন অধিকর্তা সুবিমল মণ্ডল বলেন, জেলায় পেঁয়াজের উৎপাদন বাড়াতে এবং কৃষকদের এই চাষের প্রতি যাতে আগ্রহ বৃদ্ধি পায় সেজন্য এই উদ্যোগ। ১০ কাঠা থেকে পাঁচ বিঘা পর্যন্ত জমিতে বিঘা প্রতি চার হাজার টাকা করে প্রত্যেক চাষি সহায়তা অনুদান পাবেন। সেজন্য আবেদনপত্র জমা নেওয়া চলছে। আগ্রহী চাষিরা ব্লকে কিংবা জেলা অফিসে গিয়েও আবেদন করতে পারবেন।
সম্পর্কিত সংবাদ