Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার ও আলিপুরদুয়ার: দু’জেলায় বুনোর হামলায় মৃত ২

কোচবিহার ও আলিপুরদুয়ার: দু’জেলায় বুনোর হামলায় মৃত ২
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘণ্টায় বুনোর আক্রমণে মৃত্যু হল দু’জনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। বুধবার মাথাভাঙা-২ ব্লকের প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতে বাইসনের আক্রমণে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। মৃতের নাম নৃপেন বর্মন (৫৮)। ঘটনায় জখম হয়েছেন আরও একজন। অন্যদিকে, কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস বিটের জঙ্গলে মঙ্গলবার হাতির আক্রমণে জখম হয়েছিলেন পাঁচজন। এঁদের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে। বনদপ্তর জানিয়েছে, মৃতার নাম পুকলি সিং রাজপুত (৩৬)। 
Advertisement
স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার সাত সকালে মাথাভাঙা-২ ব্লকের প্রেমেরডাঙায় লোকালয়ে দু’টি বাইসনকে দেখতে পান বাসিন্দারা। তখন বাড়ির কাছেই মাঠে গোরু বাঁধতে গিয়েছিলেন নৃপেন বর্মন। খুব কাছে চলে আসে একটি বাইসন। নৃপেনবাবু মোষ ভেবে সেখানে দাঁড়িয়ে পড়েন। বাইসনটি তাঁর পেটে গুঁতো মেরে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কোচবিহারে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অপরদিকে, বাইসন দেখতে গিয়ে জখম হয়েছেন আরও একজন। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, জখম ব্যক্তির আঘাত গুরুতর নয়। 
লোকালয়ে বাইসন ঢোকার খবর পেয়ে পৌঁছন মাথাভাঙা রেঞ্জের বনকর্মীরা। খোলামাঠে বাইসন দু’টি ছুটতে থাকায় ঘুমপাড়ানি গুলি করতে গিয়ে বিপাকে পড়েন বনদপ্তরের কর্মীরা। প্রেমেরডাঙা, ধলোগুড়ি, তেতলিগুড়ি, শালমারা এলাকায় দাপিয়ে বেড়ায় বাইসন দু’টি। দুপুরের পর একটি বাইসনকে তেতলিগুড়ি এলাকায় ও অপর বাইসনটিকে ধলোগুড়ি এলাকায় ঘুমপাড়ানি গুলিতে কাবু করেন বনকর্মীরা। কোচবিহারের এডিএফও বিজনকুমার নাথ বলেন, বাইসনের আক্রমণে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। দু’টি বাইসনকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়েছে। একটি বাইসনকে চিলাপাতা ও অপরটিকে পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। নিয়ম মেনে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। 
অন্যদিকে, কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস বিটের জঙ্গলে মঙ্গলবার হাতির আক্রমণে জখম হয়েছিলেন নিউল্যান্ডসের পাঁচজন বাসিন্দা। তাঁদের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে। পুকলি সিং রাজপুত নামে ওই মহিলার দেহ বুধবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে কুমারগ্রাম রেঞ্জের নিউল্যান্ডস বিটের জঙ্গলে লাকরি সংগ্রহ করতে গিয়েছিলেন পুকলি সিং রাজপুত সহ কয়েকজন। সেসময় একটি হাতি তাঁদের উপর আক্রমণ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জখম পাঁচজনকেই উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাঁরা তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করেন। জেলা হাসপাতালে পুকলি সিং রাজপুতের পরে মৃত্যু হয়। 
মঙ্গলবারের ঘটনার পর বুধবার কুমারগ্রাম রেঞ্জের অন্তর্গত সব ক’টি চা বাগান ও বনবস্তি এলাকায় মাইকে প্রচার করে বনদপ্তর। দপ্তরের কুমারগ্রামের রেঞ্জ অফিসার রানা গুহ বলেন, নিউল্যান্ডসের জঙ্গলের কোর এরিয়ায় হাতির হামলায় পাঁচজন জখম হন। এরমধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে। আমাদের এই সচেতনতামূলক প্রচার কর্মসূচি চলতে থাকবে।
সম্পর্কিত সংবাদ