Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার জেলার ২৩টি রাস্তার কাজে বরাদ্দ ১৬০ কোটি

কোচবিহার জেলার ২৩টি রাস্তার কাজে বরাদ্দ ১৬০ কোটি
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: প্রায় চার বছর ধরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় কেন্দ্রের বরাদ্দ টাকা আসছিল না। রাজ্যের গ্রামীণ এলাকার রাস্তাঘাটগুলির অবস্থা আরও করুণ হচ্ছিল। রাস্তাঘাটের বেহাল অবস্থার জন্য ক্ষোভ বাড়ছিল জনমানসে। রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছে একাধিক জায়গায়।  অবশেষে ২০২৪ সালের শেষে কেন্দ্রীয় বরাদ্দ এসে পৌঁছল কোচবিহারে। রাজ্য সরকারের তৎপরতায় শীঘ্রই শুরু হবে কাজ। কোচবিহার জেলায় ২৩টি রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে। প্রায় ১৯০ কিমিজুড়ে এই জেলায় রাস্তাগুলিতে কাজ হবে। রাস্তার কাজে বরাদ্দ হয়েছে ১৬০ কোটি টাকা। জেলার প্রতিটি ব্লকে একাধিক রাস্তার মানোন্নয়ন হবে বলে প্রশাসন সূত্রে খবর। 
Advertisement
কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, ১৬০ কোটি টাকা ব্যয়ে ২৩টি রাস্তার সংস্কারের কাজ করা হবে। জেলায় প্রায় ১৯০ কিমি দৈর্ঘ্যের রাস্তার কাজ হবে ওই টাকায়। 
বেহাল রাস্তার জন্য গ্রামীণ এলাকার অর্থনীতি সমস্যায় পড়ছিল। কোচবিহার-১ ব্লকের আকড়ার হাট থেকে চান্দামারি হয়ে দিনহাটা-১ পঞ্চায়েত সমিতি এলাকার রাস্তা খুবই বেহাল। ওই রাস্তা সংস্কারের জন্য আগে বহুবার আন্দোলন হয়েছে। কেন্দ্রের টাকা মিলতেই রাস্তাটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সাড়ে ১৯ কিমি রাস্তাটি ২০ কোটির বেশি টাকা ব্যয়ে সংস্কার করা হবে। ওই ব্লকের সাহেবের হাট থেকে কোচবিহার-১ পঞ্চায়েত সমিতির এলাকা পর্যন্ত প্রায় ৬ কিমি রাস্তা সংস্কারে বরাদ্দ হয়েছে ৬ কোটি টাকা। কোচবিহার-২ ব্লকের পুন্ডিবাড়ি বাজার থেকে টাকাগাছ ঘাটপার পর্যন্ত রাস্তাটিও সংস্কার করা হবে। পুন্ডিবাড়ির পিডব্লুডি রাস্তা থেকে ঘরঘরিয়া জাতীয় সড়ক পর্যন্ত রাস্তাও এবারে সংস্কার হবে। ওই ব্লকের কাচুয়া উচ্চ বিদ্যালয় থেকে খারিজা কাকরিবাড়ি পোস্ট অফিস পর্যন্ত রাস্তার কাজ হবে। 
দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট থেকে নয়ারহাট পর্যন্ত রাস্তার কাজ হবে। ওই ব্লকের সাহেবগঞ্জ নিগামনগর ঘাটপার থেকে রানিরহাট রাস্তা সংস্কার করা হবে। দিনহাটা-১ ব্লক খারিজাবালা বাজার থেকে জরাবাড়ি হয়ে চওড়াহাট পর্যন্ত রাস্তার কাজ করা হবে। সিতাইয়ের কেশরীবাড়ি হাইস্কুল থেকে নগর সিতাই হয়ে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত রাস্তা মেরামত করা হবে। ওই ব্লকের সাত ভাণ্ডারী বাজার থেকে বাজিত চামটা পর্যন্ত রাস্তাও ঠিক করা হবে। এছাড়াও অন্যান্য ব্লকগুলিতেও একাধিক রাস্তা রয়েছে এই তালিকায়। ২৩টি রাস্তার মধ্যে ন’টি রাস্তা চওড়া করা হবে। সাড়ে পাঁচ মিটার পর্যন্ত চওড়া হবে ওই ন’টি রাস্তা।
সম্পর্কিত সংবাদ