Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার জেলা টিএমসি’র বর্ধিত সাধারণ সভা আজ

কোচবিহার জেলা টিএমসি’র বর্ধিত সাধারণ সভা আজ
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দেওয়ানহাট: সিতাই বিধানসভা উপ নির্বাচনের পর আজ, শনিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সাধারণ সভা। নতুন বছরের শুরু থেকেই জেলাজুড়ে জনসংযোগে নামছে তৃণমূল। সেজন্য শাসক দল বর্ধিত সভা ডেকেছে। ওই সভা থেকেই গোটা জানুয়ারি মাস ধরে জেলাজুড়ে গ্রামে গ্রামে কি কি কর্মসূচি করা হবে, কিভাবে জনসংযোগ হবে সেসব নিয়ে ওই বৈঠক থেকে জেলার নেতারা বার্তা দেবেন বলে তৃণমূল সূত্রে খবর। সভায় জেলার সমস্ত বিধায়ক, সাংসদ, মন্ত্রী, জেলা পরিষদের সদস্য, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, সব পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, প্রধানরা বৈঠকে উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে জেলায় ভরাডুবি হয় তৃণমূলের। জেলার তৃণমূলের দখলে থাকা ৮টি আসনের মধ্যে মাত্র দু’টি ধরে রাখতে সমর্থ হয়েছিল তারা। তবে লোকসভা ভোটে কোচবিহার আসন বিজেপির কাছ থেকে পুনরুদ্ধার করতে পেরে অনেকটাই উজ্জীবিত ঘাসফুল শিবির। এবার ছাব্বিশের বিধানসভা ভোটে লোকসভার মতো জেলার হারানো বিধানসভা আসনগুলি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল। সেজন্যই নতুন বছরের শুরু থেকেই জেলাজুড়ে লাগাতার কর্মসূচি করে জনসংযোগ বাড়াতে চাইছে তৃণমূল নেতৃত্ব। কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া শুক্রবার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচিগুলিকে বাস্তবায়ন করা সহ জেলার সব বিধানসভা এলাকায় আরও বেশি করে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে ও সংগঠনকে মজবুত করতে বর্ধিত সভায় আলোচনা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ