Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার জেলায় নদীবাঁধ সংস্কারে বরাদ্দ ১৩ কোটি

কোচবিহার জেলায় নদীবাঁধ সংস্কারে বরাদ্দ ১৩ কোটি
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দেওয়ানহাট: বন্যা নিয়ন্ত্রণে কোচবিহার জেলার ৫৮টি নদীবাঁধ সংস্কারে উদ্যোগী হয়েছে সেচদপ্তর। ইতিমধ্যেই ওই বাঁধগুলি সংস্কারের জন্য জেলা সেচদপ্তর ১৩৪ কোটি টাকার ডিপিআর তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে। এর মধ্যে বেশকিছু বাঁধ সংস্কারের অনুমোদন মিলেছে রাজ্যের তরফে। সেজন্য প্রাথমিকভাবে ১৩ কোটি টাকা বরাদ্দও পেয়েছে জেলা সেচদপ্তর। অগ্রাধিকারের ভিত্তিতে ওই অর্থে দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। 
Advertisement
জেলা সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে তিস্তা, তোর্সা, মানসাই, রায়ডাক, ঘরঘরিয়া, গদাধর, কালজানি, সিঙিমারি সহ ছোটবড় আরও অনেক নদী রয়েছে। সব মিলিয়ে জেলায় প্রায় ৩২টি নদী আছে। প্রতিবছর বর্ষায় নদীর জল বেড়ে গিয়ে বাঁধ ভেঙে নদী তীরবর্তী এলাকা জলমগ্ন হওয়ার ঘটনাও ঘটে। এতে প্রচুর জমির ফসল, বাড়িঘর জলে ডুবে যায়। বেহাল নদীবাঁধগুলি সংস্কার না হওয়ায় বর্ষায় সেগুলি যেকোনও সময় ভেঙে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। 
এ বিষয়ে সেচদপ্তরের কোচবিহারের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বদিরুদ্দিন শেখ বলেন, জেলায় বন্যা নিয়ন্ত্রণে আমরা ৫৮টি বাঁধ সংস্কারের ১৩৪ কোটি টাকার ডিপিআর তৈরি করে রাজ্যে জমা দিয়েছি। এখনও পর্যন্ত ১৩ কোটি টাকা বরাদ্দ মিলেছে। অগ্রাধিকারের ভিত্তিতে ওই অর্থে দুর্বল বাঁধ সংস্কারের প্রক্রিয়া চলছে। 
বন্যা নিয়ন্ত্রণে সম্প্রতি জেলায় সমীক্ষা করে ৫৮টি বাঁধ চিহ্নিত করে সেচদপ্তর। ওই বাঁধগুলি সংস্কারের জন্য ১৩৪ কোটি টাকার ডিপিআর তৈরি করে রাজ্যের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এরমধ্যে তুফানগঞ্জের বলরামপুরের চৌকুশির কালজানি নদীতে এক কিমি বাঁধ সংস্কারের জন্য ৩ কোটি ৩৪ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। তুফানগঞ্জ-১ ব্লকের শোলারডাঙায় তোর্সা নদীতে ২১৪০ মিটার বাঁধ সংস্কারের জন্য খরচ স্থির করা ৬ কোটি ৪ লক্ষ, সিতাইয়ের ব্রহ্মোত্তরচাত্রায় সিঙিমারি নদীতে ১৩০০ মিটার বাঁধ সংস্কারে ৫ কোটি ৬৭ লক্ষ, দলুয়া দাসগিরে ঘরঘরিয়া নদীতে বাঁধ সংস্কারে ৮৬ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। তুফানগঞ্জের বড় লাউকুঠি এলাকায় সংকোশ নদীর বাঁ দিকে ১১৫০ মিটার ও উত্তর ফলিমারি এলাকায় নদীর ডানদিকে ৪০০ মিটার বাঁধ সংস্কার করার প্রস্তাব রয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে ৫ কোটি ৪৪ লক্ষ টাকা। পুঁটিমারি-ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের মানসাই নদীর হরদেব ছাদেরঝাড় এলাকায় ৬০০ মিটার বাঁধ সংস্কারের জন্য খরচ ধরা হয়েছে ২ কোটি ২২ লক্ষ টাকা। দিনহাটার জারিধরলায় সিঙিমারি নদীতে বাঁধ নির্মাণের জন্য ১২ কোটি ৩৭ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে।
সম্পর্কিত সংবাদ