Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল আট হাজার

কোচবিহার জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল আট হাজার
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলায় এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে আট হাজার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা বেশকিছুটা কমেছে। তবে কেন মাধ্যমিকের পরীক্ষার্থীর তুলনায় উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমল সেই বিষয়ে জেলা শিক্ষাদপ্তর স্পষ্ট করে কোনও কারণ দর্শাতে পারেনি। এদিকে, জেলার গ্রামীণ হাইস্কুলগুলির একাংশ চলছে হাতেগোনা কয়েকজন শিক্ষক নিয়ে। শালমারার একটি স্কুলে ৬০০ জন পড়ুয়া থাকলেও সেখানে শিক্ষক ছ’জন। সিতাই ব্লকের জাতিগারা স্কুলে ৪০০ পড়ুয়া থাকলেও সেখানেও শিক্ষক ছ’জন। জেলায় নতুন করে কাজে যোগ দিচ্ছেন ২৭০ জন শিক্ষক। কিন্তু বহু জুনিয়র হাই ও হাইস্কুলে শিক্ষকের সংখ্যা যথেষ্ট কম। বিষয়টি জেলা শিক্ষাদপ্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। 
Advertisement
জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমরকুমার মণ্ডল বলেন, কিছু স্কুলে শিক্ষক কম রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু শিক্ষক আপার প্রাইমারিতে কাজে যোগ দিচ্ছেন। এবার জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। 
কোচবিহার জেলায় বর্তমানে ২৫১টি হাইস্কুল। সেই স্কুলগুলিতে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছেন। কিন্তু এই সংখ্যাটি প্রয়োজনের তুলনায় অনেকটাই কম বলে জেলা শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি যে ২৭০ জন শিক্ষক শিক্ষিকা কাজে যোগ দিচ্ছেন তাঁরা কাজ শুরু করলেও শিক্ষকের সেই ঘাটতি কিন্তু মিটবে না। ফলে আগামী দিনে জেলায় আরও শিক্ষক প্রয়োজন। আবার অনেক স্কুলেই স্থায়ী প্রধান শিক্ষক নেই। টিআইসি দিয়ে কাজ চালাতে হচ্ছে। কবে রাজ্য থেকে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশিকা আসবে তাও জেলা শিক্ষাদপ্তরের জানা নেই। এই পরিস্থিতির মধ্যেই জেলায় প্রায় ৫০টি স্কুলে অতিরিক্ত ক্লাস রুম, সীমানা প্রাচীর নির্মাণ, চেয়ার, টেবিল তৈরি সহ অন্যান্য পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ