নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সোমবার রাসমেলা ময়দানে শুরু হল কোচবিহার জেলা বইমেলা। বইমেলা উদ্বোধনের আগে শহরে ‘বইয়ের জন্য হাঁটুন’ পদযাত্রা হয়। এদিন বইমেলা উদ্বোধনে এসে রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬৩৮টি গ্রন্থাগারিক পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছিলেন। তারমধ্যে ৫৫০ জন গ্রন্থাগারিক পদে চাকরি করছেন। কোচবিহার জেলায় ৩৪টি গ্রন্থাগারিক পদের মধ্যে ৩০টির অনুমোদন হয়ে গিয়েছে। ছাড়পত্র পাওয়া গেলে সেই নিয়োগও হয়ে যাবে। জেলা বইমেলার পাশাপাশি মহকুমা স্তরের বইমেলার জন্য ইচ্ছুক মহকুমা থেকে জেলার মাধ্যমে আবেদন করা হলে সেই বিষয়েও সহায়তা করা হবে। এদিন বইমেলা মঞ্চে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহও মহকুমা ও গ্রামীণ স্তরে বইমেলা করে বইকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানান। এদিনের বইমেলা মঞ্চে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন, কাউন্সিলার অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
এদিনের অনুষ্ঠান থেকে কবি পাপড়ি গুহ নিয়োগীকে অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কার ও চৈতালি ধরিত্রীকন্যাকে অমিয়ভূষণ স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।



