Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি

কোচবিহার বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: কোচবিহার বিমানবন্দর থেকে যাত্রী পরিষেবা দেওয়া  নয় আসন বিশিষ্ট বিমানে আসন সংখ্যা বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সেজন্য বিমান বন্দরের পরিকাঠামোগত উন্নয়ন চাইছেন সাধারণ মানুষও। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডুকে এই দাবিতে চিঠি দিলেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে এই চিঠি তুলে দেন তিনি। দ্রুত বেশি সংখ্যক আসনের বিমান চলাচলের সূচনা হওয়া দরকার বলে দাবি করেছেন ব্যবসায়ীরাও। 
Advertisement
দীর্ঘদিন বন্ধ থাকার পর কোচবিহার বিমানবন্দর থেকে ফের উড়ান শুরু হয়েছে। ৯আসন বিশিষ্ট বিমান চলছে। তাতে অনেকেই পাড়ি জমিয়েছেন কলকাতায়। চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিদিনই কলকাতার উদ্দেশ্যে উড়ান ভরে বিমানটি। কিন্তু কম সংখ্যক আসন বিশিষ্ট এই বিমান যাত্রীদের চাহিদা মিটাতে ব্যর্থ। কিন্তু, বেশি আসন বিশিষ্ট বিমান চালানোর জন্য বিমানবন্দরে পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন। সেজন্য দীর্ঘদিন ধরে বিমানবন্দরটির পরিকাঠামোগত উন্নয়নের দাবি করছেন স্থানীয়রা। 
কোচবিহার জেলা ব্যবসায়ী কমিটির সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, বেশি সংখ্যক আসন বিশিষ্ট বিমান চলাচলের দাবি করছেন উদ্যোগপতি থেকে ব্যবসায়ীরা। সেই দাবি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সাংসদকে ধন্যবাদ জানাই। দ্রুত বেশি সংখ্যক আসন নিয়ে বিমান উড়ান শুরু করুক, আমরা তাই চাইছি। 
কোচবিহারের সাংসদ বলেন, কোচবিহার বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়ন, রুট সংখ্যা বৃদ্ধি এবং আরও বেশি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে চিঠি দিয়েছি।
সম্পর্কিত সংবাদ